রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় বাস্তবায়নে আন্তর্জাতিক পরিসরে তৎপর হচ্ছে মালয়েশিয়া। এ রায় নিয়ে জাতিসংঘ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে আলোচনা করবে দেশটি।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, রোববার (২২ নভেম্বর) দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
একইসঙ্গে রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের সংকটের টেকসই সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে-আইসিজের দেওয়া এই রায়কে সম্মান জানায় কুয়ালালামপুর।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, রায়ের পরিপ্রেক্ষিতে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবে মালয়েশিয়া।
এর আগে গত ১৯ নভেম্বর আইসিজে রায় দেন যে ২০১৭ সালে রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলে সামরিক অভিযান চালানোর সময় রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার।
আদালত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে ১০ লাখের বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসেন।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইসিজের এই পর্যবেক্ষণ ঝুঁকির মুখে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষায় দেশটির দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিবৃতিতে মালয়েশীয় এই মন্ত্রণালয় আরও বলেছে, ‘এই দীর্ঘস্থায়ী সংকটের একটি পূর্ণাঙ্গ ও টেকসই সমাধানের জন্য মালয়েশিয়া কাজ করে যাবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাবে দেশটি। পাশাপাশি মালয়েশিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের জন্য কাজ করবে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী নিবন্ধিত হয়েছেন।
এছাড়া গত অক্টোবর পর্যন্ত দেশটির অভিবাসন বিভাগের বিভিন্ন আটককেন্দ্রে ৬ হাজার ২৯৪ জন রোহিঙ্গা বন্দি ছিলেন।
ইউএনএইচসিআরের পরিসংখ্যানে আরও বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মিয়ানমারের প্রায় ১৬ লাখ ৪০ হাজার নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।
২০২১ সালে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দেশটির সামরিক নেতাদের আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেয়া থেকে বিরত রেখেছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর এই জোটটি।
গত বুধবার মিয়ানমারের সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট মিন অং হ্লাইং বলেছেন, আসিয়ানের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন। তবে জোটের সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।
গত সপ্তাহের শুরুতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান নেতাদের বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে নেতারা বলেছেন, মিয়ানমার যদি সংকট সমাধানে জোটের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি দেখাতে পারে, তাহলে দেশটির পূর্ণাঙ্গ রাজনৈতিক প্রতিনিধিত্ব ধীরে ধীরে ফিরিয়ে দেয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।