ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল। ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন ব্যারিস্টার ফুয়াদ। তার বক্তব্য শোনার পর বিচারিক প্যানেল তাকে সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য না করার নির্দেশ দেন।
শুনানিতে নিজের বক্তব্যের ব্যাখ্যায় ফুয়াদ জানান, গত ২৮ অক্টোবর একটি রাজনৈতিক সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও ভুক্তভোগীদের নিয়ে বিভিন্ন কথা বলেছিলেন তিনি। তবে ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ এমন কোনো বক্তব্য দেননি। বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে এসেছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, ট্রাইব্যুনালকে লক্ষ্য করে কোনো কথা বলার উদ্দেশ্য তার ছিল না। তিনি মূলত পুরো বিচারব্যবস্থা নিয়ে কথা বলেছেন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদন উদ্ধৃত করে দুর্নীতির বিষয়টি তুলে ধরেছেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’—এ ধরনের বক্তব্য গুরুতর অপরাধ। আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে। আদালত অবমাননা করলে জেলে যেতে হয়।
বিচারিক প্যানেল আরও বলেন, ফুয়াদ একজন আইনজীবী ও ব্যারিস্টার। একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে তার কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশিত নয়। রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে সম্মান করতে হবে। কারণ, কোনো ব্যক্তির একটি মন্তব্যের কারণে যেকোনো প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা নষ্ট হতে পারে। তাই ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তাকে সতর্ক থাকতে হবে। জবাবে নিজের মন্তব্যকে ‘স্লিপ অব টাং’ উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আশ্বাস দেন ফুয়াদ। পাশাপাশি বিচারব্যবস্থাকে যেকোনো ধরনের সহযোগিতা করার কথাও জানান তিনি।
এর আগে গত ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে ফুয়াদকে তলব করেন। একই সঙ্গে ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় নির্ধারিত দিনে হাজির হতে পারেননি ফুয়াদ। তার আইনজীবীরা সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেন।
উল্লেখ্য, এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেওয়ার সময় ফুয়াদ ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। ওই বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করা হয় বলে জানিয়েছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।