ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যাকাণ্ড মামলায় তাকে শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম হোসেন ওরফে ‘সুইডেন আসলাম’কে গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আজ ভোররাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম হোসেন ওরফে ‘সুইডেন আসলাম’কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। চলতি বছর রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যাকাণ্ড মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।”
আকতার হোসেন বলেন, ‘এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।’
টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি জানান, তদন্তে নাম আসায় তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং ঘটনার সঙ্গে তার প্রকৃত সম্পৃক্ততার মাত্রা আশা করছি উঠে আসবে।
চার দিন আগে উনি থাইল্যান্ড থেকে বাংলাদেশে এসেছিলেন, আবার থাইল্যান্ডের একটি বিমানে করে যাওয়ার পথে গ্রেফতার এই বিষয়টি আসলে কতটুকু সত্য এবং আসা যাওয়ার মধ্যে নতুন কোনো পরিকল্পনা ছিল কি না? এমন প্রশ্নে ডিসি মিডিয়া বলেন, ‘আসলে আমাদের ইমিগ্রেশন পুলিশ ডিবি পুলিশের কাছে আসলামকে হস্তান্তর করেছে। বিদেশে যাওয়ার বিষয়টি ইমিগ্রেশন পুলিশ বলতে পারবে। সেই বিষয়টি কী ছিল, কোথায় যাওয়ার চেষ্টা করেছিল, কোথা থেকে আসার চেষ্টা করেছিল।’
আসলামের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন, ‘আসলে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলাই রয়েছে- বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মামলা হয়েছে। যে মামলাগুলোর কোনো কোনোটি তদন্তাধীন আছে, কোনোটিতে হয়তো এরই মধ্যে পুলিশ রিপোর্ট দাখিল করা হয়েছে। সবগুলো বিষয় এখন পর্যালোচনা করা হচ্ছে। যেহেতু তিনি গ্রেফতার হয়েছেন, ডিবি বিষয়গুলো পর্যালোচনা করছে এবং পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’