ঢাকা: বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘১০ম লিডারশিপ সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। দশম বর্ষে পদার্পণ করা এই সামিটে দেশের শীর্ষ ব্যবসায়িক নেতা, নীতিনির্ধারক, বৈশ্বিক নির্বাহী ও শিক্ষাবিদরা অংশ নেন।
সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ইউনাইটেড গ্রুপের পরিবেশনায়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঞ্চালনায় এবং নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় সামিটটি আয়োজিত হয়।
এবারের সামিটের প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন, রিডিজাইন, ডেলিভার’। বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন, এলডিসি উত্তরণ এবং দ্রুত প্রযুক্তিগত রূপান্তরের প্রেক্ষাপটে প্রবৃদ্ধির প্রচলিত ধারণাগুলো নতুন করে ভাবা, প্রতিষ্ঠানকে ভবিষ্যতের উপযোগী করে সাজানো এবং দৃশ্যমান ফল নিশ্চিত করার আহ্বান জানানো হয় সামিটে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, গত দশ বছর ধরে এই সামিট দেশের ব্যবসার গতিপথ নির্ধারণকারী নেতাদের একত্রিত করে আসছে। আজ এই আলোচনার গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। পুরনো পথে হেঁটে আর এগোনো সম্ভব নয়। তাই নতুন করে ভাবার সাহস, পুনর্গঠনের শৃঙ্খলা এবং ফল অর্জনের অঙ্গীকার নিয়ে নেতাদের এগিয়ে আসতে হবে।
দিনব্যাপী এ আয়োজনে ছিল ৪টি কীনোট সেশন, ১টি ফায়ারসাইড কনভারসেশন, ১টি কেইস স্টাডি, ৩টি প্যানেল ডিসকাশন এবং ১টি ইন্টারঅ্যাকটিভ সেশন।
কীনোট সেশনগুলোতে ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও প্রবৃদ্ধির পথ নিয়ে কথা বলেন। জিও ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলর ও কেলগ স্কুল অব ম্যানেজমেন্টের সাবেক ডিন প্রফেসর দীপক সি. জৈন দ্রুত বদলে যাওয়া বিশ্বে নেতা ও প্রতিষ্ঠানের নিজেকে নতুন করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। টুরু করপোরেশনের গ্রুপ সিইও ও টেলিনর গ্রুপের সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সিগভে ব্রেকে অনিশ্চিত ভবিষ্যতের জন্য টেকসই প্রতিষ্ঠান গড়ার উপায় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এল ক্যাটারটন ইন্ডিয়ার এক্সিকিউটিভ চেয়ারম্যান ও হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের সাবেক চেয়ারম্যান সঞ্জীব মেহতা বড় পরিসরে ব্যবসায়িক রূপান্তরের অভিজ্ঞতা তুলে ধরেন।
সামিটের অন্যতম আকর্ষণ ফায়ারসাইড কনভারসেশনে অংশ নেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী এবং ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফরহাত আনোয়ার, পিএইচডি। তারা দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা ও নতুন প্রজন্মের নেতৃত্বের মূল্যবোধ নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া প্যানেল ডিসকাশন ও অন্যান্য সেশনে ব্যবসার প্রবৃদ্ধির বাধা অতিক্রম, ব্যবসা ঘুরিয়ে দাঁড় করানোর সিদ্ধান্ত এবং দক্ষ ও দায়িত্বশীল টিম গঠনের উপায় নিয়ে আলোচনা হয়। কেইস স্টাডিতে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয় এবং ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশগ্রহণকারীরা আগামী ৯০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে ভাবনা বিনিময় করেন।
সামিটের অন্যান্য সেশনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- গ্রামীণফোন লিমিটেডের সিইও ইয়াসির আজমান, এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান, এসিআই পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা, ইস্টার্ন ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হাসান ও. রশিদ, রেনেটা পিএলসির সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ এস. কাইসার কবির, আইফাদ গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রিয়াজুল হক চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান কামরান বাকর এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর রূপালী চৌধুরীসহ প্রমুখ।
আয়োজকদের মতে, পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দিতে সক্ষম এমন নেতৃত্বের ওপরই বাংলাদেশের আগামী দিনের অগ্রযাত্রা নির্ভর করছে— দশম আসরে এ বার্তাই উঠে এসেছে।