ঢাকা: মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ। প্রতিষ্ঠানটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানিয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা ও প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধিদল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি (LPG) ও এলএনজি (LNG) টার্মিনাল নির্মাণে বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত উপস্থাপনা দেয়।
প্রতিনিধিদল জানায়, মাতারবাড়ী দক্ষিণ কোরিয়ার উলসানের মতো একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে (এনার্জি হাব) পরিণত হওয়ার সম্ভাবনা রাখে।
প্রধানমন্ত্রী তাঁদের উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, তাঁর সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে।
প্রধানমন্ত্রী প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সাক্ষাতে এসকে গ্রুপের প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে। তারা বাংলাদেশের বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আন্তরিক ও আগ্রহী বলেও জানায়।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য।