Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে অটোরিকশা থেকে এলোপাতাড়ি গুলি, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ১২:২৭

গুলি ছোড়ার ঘটনায় বাজার এলাকায় চাঞ্চল্য। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে একের পর এক প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার উপজেলার সুয়াবিলের চুরখাঁহাট বাজার এলাকায় এলোপাতাড়ি গুলিতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নাজিরহাট পৌরসভার সুয়াবিল এলাকার চুরখাঁহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সুয়াবিল শোভনছড়ির দিক থেকে মুখোশ পরা পাঁচজন অস্ত্রধারী চুঁরখারহাট বাজার মোড়ে আসেন। এরপর চারদিকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। গুলি ছোড়ার পর বাজারের উত্তরে চৌমুহনীর দিকে চলে যান তারা। চৌমুহনী গিয়ে সেখানেও অটোরিকশা থেকে ফাঁকা গুলি ছোড়া হয়। তাদের এলোপাতাড়ি গুলিতে অন্তত তিনজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘বাজারে আতঙ্ক ছড়াতেই মুখোশধারী দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যারা আহত হয়েছেন, তারা অস্ত্রধারীদের টার্গেট ছিলেন না। কী উদ্দেশ্যে অস্ত্রধারীরা বাজার এলাকায় এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অটোরিকশার চালককে মামলাটিতে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

এর আগে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগরের তেমুহনী বাজারের পূর্বপাশে নিজ দোকানে বসে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন ব্যবসায়ী মো. আবসার উদ্দিন চৌধুরী। অভিযোগ রয়েছে, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর