রংপুর: ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় মঙ্গলবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিট ৪২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। উত্তরাঞ্চলে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড়ো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের মাঙ্গান শহর থেকে ৬৭ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে এবং এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
অন্যদিকে, ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি নেপালের কোশি প্রদেশে, ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেকর্ডে অবশ্য মাত্রা ৫ দশমিক ৬ দেখানো হয়েছে।
রংপুর আবহাওয়া অফিসের ভূমিকম্প পরিমাপ বিভাগের তথ্য অনুযায়ী, সকাল ৭টা ৩২ মিনিট ৪২ সেকেন্ডে কম্পন শুরু হয় এবং এর উৎপত্তিস্থল ভারতের ভূখণ্ডে হলেও বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রায় সব জেলা এতে কেঁপে ওঠে। ভূমিকম্পের ঝাঁকুনিতে ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের অনেক বাসিন্দার ঘুম ভেঙে যায় এবং তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর থেকে বেরিয়ে আসেন।