দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলা শুরু হয়েছে লাঞ্চের পর। দক্ষিণ আফ্রিকার পিচ এমনিতেই পেসবান্ধব। তার ওপর ছিল বৃষ্টির প্রোভাব। দুই সুবিধা কাজে লাগিয়ে রীতিমতো আগুন ঝড়িয়েছেন স্বাগতিক পেসাররা। তাতে টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ গুটিয়ে গেছে ৯১ রানেই!
এভাবে ভেঙে পড়াতে বাংলাদেশি ব্যাটারদের দায়ও আছে। উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন লিটন দাস, তাওহীদ হৃদয়ের মতো ব্যাটাররা। এই বিষয়টিকেই বড় করে দেখছেন বাংলাদেশ দলের সহকারী কোচ মালিবোংওয়ে মাকেতা। তাঁর মতে, পেস সহায়ক উইকেটে কীভাবে ধৈর্য ধরে ব্যাট করতে হয়, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা।
অথচ সেই একই পিচে কাল ১ উইকেটে ৮৮ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। কদিন আগে জোহানেসবার্গে প্রথম ইনিংসে ৪০০ রান তুলেছিল বাংলাদেশ। তাই সেঞ্চুরিয়ানে সফরকারীরা যেভাবে আউট হলো তাতে মোটেও সন্তুষ্ট নয় কদিন আগে বাংলাদেশের কোচিং স্টাফে যুক্ত হওয়া মাকেতা।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আউটের ধরন দেখে আমরা বেশ হতাশ। দক্ষিণ আফ্রিকাও তো এসব দেখছে। আমরা জানি তারা কোথায় বল করবে। আমাদের আউটগুলো আসলে মানসিক ভুল। যদি আমরা নিজেদের প্রক্রিয়াটা জানি এবং নিজেদের সুযোগ দেই ভালো করার, তাহলে ভালো করতে পারব। তখন আরও বেশি সাফল্য পাব। তবে এমন পারফরম্যান্স অবশ্যই হতাশাজনক।’
‘ব্যাট হাতে আমরা অনেক তাড়াহুড়ো করতে গিয়েছি, সেখানেই ভুলগুলো হয়ে গেছে। আমরা এসব নিয়ে কাজ করে যাচ্ছি, ভুল খুঁজে বের করে যাচ্ছি এবং আশা করছি একটা সমাধান বের করে ফেলতে পারব।’- যোগ করেছেন মাকেতা।
আগের টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তাওহীদ হৃদয় সেঞ্চুরিয়ানে যেভাবে আউট হলেন তার সমালোচনা করেছে সবাই। পরপর উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। ক্রিজে গিয়ে দাঁতে দাঁত চেপে পড়ে থাকা দরকার ছিল। কিন্তু প্রতিপক্ষের স্পিনার সিমন হার্মারের বিপক্ষে আক্রমনাত্মক খেলতে গিয়ে ফিরেছেন উইকেট বিলিয়ে দিয়ে।
হৃদয়ের আউট নিয়ে মাকেতা বলেছেন, ‘হৃদয়ের সাথে এখনও কথা হয়নি। ব্যাটিংয়ে সে কী ভেবেছে, তা আসলে এখনও জানি না। আমরা ব্যাটিংয়ের সময় সবাইকে স্বাধীনতা দেই, সময় দেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের পরেও তাকে সময় দিয়েছি।’
উল্লেখ্য, জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়ানে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমে বড় ধাক্কা খেতে হলো প্রথম দিনেই।