মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ অনুশীলন মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পর্যবেক্ষণের পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের অনুশীলন কার্যক্রম দেখবেন তিনি।
সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত পর্যায়ের এই মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিট ‘৫০১ এয়ার রেজিমেন্ট’।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সাল থেকে দ্বীপটিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ মহড়া ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিন বাহিনীর এই যৌথ মহড়ার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা, পেশাদারিত্ব, আন্তঃবাহিনী সমন্বয় এবং সমন্বিত যুদ্ধপ্রস্তুতির বিষয়গুলো তুলে ধরা হবে।
মহড়া পরিদর্শন শেষে বিকেলে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে আসবেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।