Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কালোবাজারে পরিবহণের অভিযোগে ৭০০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ১৬:০০

জব্দ হওয়া সার। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পরিবহণের অভিযোগে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক আব্দুল মান্নানকে আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে সংশ্লিষ্ট বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবির ও তার ছেলে বাবু পলাতক রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করে সদর মডেল থানা পুলিশ।

আটক ট্রাকচালক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউর নগরের আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাট এলাকার বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। এ সময় সার কালোবাজারে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ ৭০০ বস্তা সার জব্দ করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ডিলারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সার কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সার জব্দের পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পাশাপাশি ডিলারের দোকানও বন্ধ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ জানান, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা সার উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সার জব্দের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর