Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোহেল খান কী কোনোভাবে মনে করিয়ে দিতে চাইলেন, ‘আমি আছি’?: ফারুকী

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬ ১৬:৪১

সহকর্মী ও ভক্তদের শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান। আজ মঙ্গলবার সকালে নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘নসিব’-এর শুটিংয়ের প্রস্তুতি নিতে হোটেলের কক্ষ থেকে বের হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টা ৫৪ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিনেতার এই আকস্মিক প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। তার মৃত্যুতে আবেগঘন বার্তা দিয়ে শোক প্রকাশ করেছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকী লিখেছেন, ‘জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ৪২০ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। কালকে হঠাৎ আমার চোখের সামনে ওই কার্ডটা পড়ল কেন? সোহেল খান কী কোনো ভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি’? শান্তিতে ঘুমান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

বিজ্ঞাপন

ছোট পর্দা ও বড় পর্দায় সমানতালে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন সোহেল খান। বিশেষ করে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে তার অনবদ্য অভিনয় দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি এনে দেয়। সেই নাটকে তিনি মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেলের মতো অভিনয়শিল্পীদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন।

একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে নিয়মিত মুখ ছিলেন তিনি। ছোট পর্দায় তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ এবং ‘নিমন্ত্রণ রইল সবার’। শেষোক্ত টেলিছবিটিতে বাবার ভূমিকায় তার অভিনয় দর্শকদের দারুণভাবে স্পর্শ করেছিল।

টেলিভিশনের গণ্ডি পেরিয়ে চলচ্চিত্রেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন সোহেল খান। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’ সিনেমার পাশাপাশি ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’ ও ‘শান’-এর মতো আলোচিত সিনেমায় তাকে দেখা গেছে। এ ছাড়া ‘দেশা: দ্য লিডার’ সিনেমায় চেয়ারম্যানের চরিত্রে এবং ২০২৫ সালের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমায়ও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ব্যস্ত শুটিং সেটের মাঝেই চিরবিদায় নেওয়া গুণী এই অভিনেতার শূন্যতা দীর্ঘদিন অনুভব করবেন তার সহকর্মী ও অগণিত ভক্ত।

বিজ্ঞাপন

আরও ৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন
২৪ নভেম্বর ২০২৬ ১৬:২৯

আরো

সম্পর্কিত খবর