ওটিটি প্ল্যাটফর্ম চরকির অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ এর তৃতীয় সিজন নিয়ে দর্শকদের আগ্রহের পারদ এখন তুঙ্গে। তবে নতুন কিস্তিতে থাকছে বড় এক চমক। সিরিজটির আগের দুই সিজনে দর্শকপ্রিয়তা পাওয়া অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে এবার আর দেখা যাবে না। তার পরিবর্তে নতুন এই সিজনে যুক্ত হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এরই মধ্যে শুরু হয়ে গেছে সিরিজটির দৃশ্যধারণের কাজ।
গত ১৭ নভেম্বর থেকে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’-এর শুটিং শুরু হয়েছে। বরাবরের মতোই নাম ভূমিকায় নিজের অনবদ্য অভিনয় নিয়ে হাজির হচ্ছেন নাসির উদ্দিন খান। সিরিজ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ দিকেই শুটিং ইউনিটে যোগ দেওয়ার কথা রয়েছে সাদিয়া জাহান প্রভার। এবারের সিজনে আরও একঝাঁক গুণী অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবি।
প্রথম ও দ্বিতীয় সিজনে অ্যালেন স্বপনের বিপরীতে ‘শায়লা’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন মিথিলা। তবে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে স্বনামধন্য কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা করছেন তিনি। বিদেশের মাটিতে এমন গুরুদায়িত্ব ও পেশাগত ব্যস্ততার কারণেই দেশে ফিরে শুটিংয়ে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। মূলত এ কারণেই জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়াতে হয়েছে তাকে।
নতুন সিজনের গল্প ও কাস্টিং নিয়ে নির্মাতা শিহাব শাহীন এখনই বিস্তারিত কিছু প্রকাশ করতে চাননি। তিনি জানান, চুক্তিগত বাধ্যবাধকতার কারণে প্রযোজনা প্রতিষ্ঠান চরকির কোনো খবর তার পক্ষ থেকে নিশ্চিত করা সম্ভব নয়। এ বিষয়ে চরকির নিজস্ব জনসংযোগ বিভাগ থেকেই আনুষ্ঠানিকভাবে সব তথ্য জানানো হবে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সিরিজটির দৃশ্যধারণের কাজ শেষ হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’।
উল্লেখ্য, ২০২২ সালের ঈদুল আজহায় চরকিতে মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে প্রথম দর্শকের সামনে আসে অ্যালেন স্বপন চরিত্রটি। চট্টগ্রামের এক সাধারণ মাদক ব্যবসায়ী থেকে অর্থ পাচারের অন্ধকার জগতে প্রভাবশালী হয়ে ওঠা এক ব্যক্তির চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয় রাতারাতি ব্যাপক সাড়া ফেলে। সেই আকাশছোঁয়া জনপ্রিয়তার ধারাবাহিকতায় ২০২৩ সালে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর প্রথম সিজন এবং ২০২৫ সালে আসে দ্বিতীয় সিজন। দ্বিতীয় সিজনের শেষ দৃশ্যে মুখ ঢাকা এক রহস্যময় ব্যক্তির উপস্থিতি দর্শকদের মনে নতুন কৌতূহল তৈরি করেছিল। এবার তৃতীয় সিজনে সেই রহস্যের জট খুলবে এবং প্রভার নতুন রসায়ন পর্দায় কতটা জমে ওঠে, এখন সেটিই দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।