Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আপাতত প্রশাসক নিয়োগ হচ্ছে না পদ্মা ব্যাংকে, চালু থাকবে গ্রাহকসেবা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ১৯:১০

পদ্মা ব্যাংক পিএলসি -লোগো : সংগৃহীত

ঢাকা: দীর্ঘদিনের আর্থিক সংকট কাটিয়ে উঠতে না পারায় পদ্মা ব্যাংক পিএলসি-কে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নেয়। তবে আপাতত ব্যাংকটিতে কোনো প্রশাসক নিয়োগ করা হচ্ছে না। ব্যাংকটির দৈনন্দিন কার্যক্রম ও গ্রাহকসেবা আগের মতোই চালু থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, গত এক দশকের বেশি সময় ধরে খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, তারল্যসংকট ও সুশাসনের ঘাটতির কারণে পদ্মা ব্যাংক পুঞ্জীভূত আর্থিক দুর্বলতার মুখে পড়ে। বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধান এবং তারল্যসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার পরও ব্যাংকটির আর্থিক সূচকে কাঙ্ক্ষিত ও টেকসই উন্নতি হয়নি।

বিজ্ঞাপন

এ অবস্থায় ব্যাংকটির সামগ্রিক আর্থিক সক্ষমতা এবং কার্যকর হওয়ার সম্ভাবনা পর্যালোচনা করে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে রেজল্যুশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর বিধান অনুযায়ী পদ্মা ব্যাংকের জন্য একটি কার্যকর ও উপযুক্ত রেজল্যুশন কৌশল বা ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকটির সংকট উত্তরণ এবং আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা জোরদার করার লক্ষ্য রয়েছে।

তবে রেজল্যুশনের আওতায় নেওয়া হলেও আপাতত ব্যাংকটিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে না। ব্যাংকটির স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ও গ্রাহকসেবা অব্যাহত থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা সুদৃঢ় করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পদ্মা ব্যাংকের সংকট উত্তরণের পাশাপাশি দেশের সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী, গতিশীল ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

সারাবাংলা/এসএ/এসআর 
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর