Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউপি নির্বাচন / প্রথম দিনে ইসির সংলাপে বসছে বিএনপি-জামায়াতসহ ১৯ দল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ২০:৩৩

নির্বাচন কমিশন (ইসি)

ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে তিন দিনব্যাপী এ সংলাপের প্রথম দিনে বিএনপি, জামায়াতসহ ১৯টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর তিনদিন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রথমদিনে বিএনপি-জামায়াতসহ ১৯ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

এর আগে, দুপুরে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, তারা এবং নতুন চারটি দলের সঙ্গে মতবিনিময় হবে।’

বিজ্ঞাপন

জানা গেছে, তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল আছে ৫৯টি।

এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানানো হচ্ছে না।

২৯ নভেম্বর বিএনপি, জামায়াতসহ ১৯ রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানানো হবে। প্রথম দিনের আমন্ত্রণের তালিকায় রাখা হয়েছে জাতীয় পার্টির নামও। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে হওয়া সংলাপে দলটিকে আমন্ত্রণ জানানো হয়নি।

৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হতে পারে। ১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জনানো হতে পারে।

ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।

সারাবাংলা/এনএল/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর