Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ১১:২৫

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে শফিকুরের রহমানের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারা।

ঢাকা: অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপিসহ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

গত ২০ নভেম্বর অস্ট্রেলিয়া সফরে যান ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

এ ছাড়া অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন জামায়াত আমির। এসব কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ট্রেলিয়া সফর সফলভাবে শেষ করে মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে ঢাকা ত্যাগ করেন ডা. শফিকুর রহমান। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ দলের দায়িত্বশীল নেতারা।