Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নৃত্য, গান ও ভক্তিতে শেষ হলো কমলগঞ্জের মহারাসলীলা উৎসব

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৬ ০৯:৫৯

সিলেট: আলোকসজ্জায় ঝলমলে মণ্ডপ, ঢোল-মৃদঙ্গের ছন্দ, মণিপুরী তরুণীদের নান্দনিক রাসনৃত্য আর হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে শেষ হলো মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা।

মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে শুরু হয় শত বছরের ঐতিহ্য এই রাস পুর্ণিমা। ওইদিন দিনভর রাখাল নৃত্য ও নানা আয়োজনের পর গভীর রাতে শুরু হয় মূল মহারাসলীলা। বুধবার (২৫ নভেম্বর) ভোরে শেষ হয় ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসব।

দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বিদেশ থেকেও দর্শনার্থীরা এ উৎসবে যোগ দেন। মণিপুরি নৃগোষ্ঠী অধ্যুষিত কমলগঞ্জের মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপ ও আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স পরিণত হয় উৎসবের মিলনমেলায়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি নৃত্য, সংগীত ও ঐতিহ্যবাহী পোশাকে সাজানো এ আয়োজন হয়ে ওঠে মণিপুরী সংস্কৃতির এক অনন্য প্রদর্শনী।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম মহারাস উৎসব এবং আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্সে মীতৈ মণিপুরী সম্প্রদায়ের ৪১তম রাস উৎসব অনুষ্ঠিত হয়। দুই স্থানে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের পর রাতে অনুষ্ঠিত হয় মহারাসলীলা।

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত মাধবপুর ও আদমপুরে অনুষ্ঠিত হয় রাখাল নৃত্য বা গোষ্ঠলীলা। কৃষ্ণের বাল্যজীবনের নানা ঘটনা ও গোপবালকদের সঙ্গে তার লীলাকে কেন্দ্র করে এ নৃত্য পরিবেশন করে মণিপুরি শিশু-কিশোররা। নৃত্য, সংগীত ও অভিনয়ের সমন্বয়ে পরিবেশিত এ আয়োজন দেখতে বিকেল থেকেই ভিড় করেন দর্শনার্থীরা।

এরপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উৎসবের মূল আকর্ষণের অপেক্ষা। রাত ১২টার পর শুরু হয় শ্রীকৃষ্ণের মহারাসলীলা। ভোর পর্যন্ত চলে রাধা-কৃষ্ণের প্রেম ও ভক্তির আধ্যাত্মিক আবহে নির্মিত রাসনৃত্য। মণিপুরি তরুণীদের নৃত্যভঙ্গি, পোশাক, সংগীত ও মুদ্রায় ফুটে ওঠে কৃষ্ণ-রাধার লীলার নানা আখ্যান।

মণিপুরি সম্প্রদায়ের ইতিহাস ও সংস্কৃতিতে মহারাসলীলার রয়েছে গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব। আয়োজকদের তথ্য অনুযায়ী, মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র সিংহ ১৭৭৯ সালে এ রাস উৎসবের প্রচলন করেন। এরপর থেকে কার্তিক পূর্ণিমা তিথিতে গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হিসেবে মহারাসলীলা পালিত হয়ে আসছে।

শুধু ধর্মীয় আচার নয়, সময়ের সঙ্গে মহারাসলীলা মণিপুরি জাতিসত্তার ভাষা, পোশাক, সংগীত, নৃত্য ও ঐতিহ্য সংরক্ষণেরও গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। প্রজন্ম থেকে প্রজন্মে নৃত্য ও সংগীতের এই ধারা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে টিকে আছে মণিপুরীদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য।

মণিপুরি রাসনৃত্যের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও রয়েছে ঐতিহাসিক যোগসূত্র। ১৯২৬ সালে সিলেটের মাছিমপুরে মণিপুরী রাসনৃত্য দেখে মুগ্ধ হন কবিগুরু। পরে কমলগঞ্জের নৃত্যশিক্ষক নীলেশ্বর মুখার্জিকে শান্তিনিকেতনে নিয়ে গিয়ে মণিপুরী নৃত্য শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ফলে মণিপুরের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিসর ছাড়িয়ে মণিপুরী নৃত্য ছড়িয়ে পড়ে বৃহত্তর সাংস্কৃতিক অঙ্গনে। বর্তমানে বাংলাদেশের মণিপুরি সম্প্রদায়ের মহারাসলীলা সেই ঐতিহ্যেরই ধারাবাহিক বহিঃপ্রকাশ।

মহারাসলীলা দেখতে শুধু মণিপুরি সম্প্রদায়ের মানুষই নন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ ও বিদেশি পর্যটকরা ভিড় করেন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা আসেন। ফলে রাস উৎসব ঘিরে মণিপুরি পল্লিগুলোতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

মাধবপুর মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন বলেন, ‘শুধুমাত্র নিজস্ব আচার নয়, সাংস্কৃতিক মেলবন্ধন আর অসাম্প্রদায়িক প্রতীক হয়ে উঠেছে মণিপুরীদের এই ধর্মীয় উৎসব।

তিনি বলেন, ‘মহারাসলীলা মণিপুরি সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি তাদের নৃত্য, সংগীত ও ঐতিহ্যকে ধারণ করে। নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখার ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাস উৎসব উপলক্ষ্যে প্রতি বছরের মতো এ বছরও মণ্ডপগুলোর আশ-পাশে বসেছিল বিরাট মেলা। নাগরদোলাসহ শিশুদের খেলাধুলার বিভিন্ন সামগ্রীও ছিল। এছাড়া মেলাকে প্রাণবন্ত করে তোলে বাঁশের বাঁশি, নানা রঙের চুড়ি, শিশুদের খেলনা, কাপড়, মণিপুরি হস্তশিল্পজাত সামগ্রী, বই, খাবারের দোকান ও নানা রকম বেতের তৈরি আসবাবপত্র। শেষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর