যশোর: যশোরের অভয়নগর নওয়াপাড়ায় অর্ধকোটি টাকা মূল্যের চোরাই সরকারি গম ও একটি লাইটার জাহাজ জব্দ করেছে স্পেশাল ব্যাটালিয়ন রেসপন্স (এসআরবি)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাজের ৫ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে এ গম জব্দ করা হয়।
আটকরা হলেন, জাহাজের সুকানি মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুজ্জামান শেখের ছেলে আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের পিকুল মোল্লার ছেলে মো. হায়াতুল ইসলাম, জয়দেবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে নয়ন, নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের খলিল মিয়ার ছেলে রায়হান উদ্দিন, নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষী্পাশা গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে খালিদ হাসান, ঝালকাঠির রাজাপুর উপজেলার চান্দেরবাড়ি গ্রামের জলিল হকের ছেলে হাসান ইসলাম।
এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) বাগেরহাটের মোংলা হারবারিয়া থেকে চোরাই ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ রাত ৩টার দিকে নওয়াপাড়ার নৌবন্দরে আসে। পরে জাহাজটি বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন এলাকার রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন এমভি সূর্য্যবানু ১১ নামক কার্গো জাহাজটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোট ৩৮০ বস্তায় থাকা ১৫০ টন গম এবং কার্গো জাহাজটি জব্দ করা হয়। জব্দকৃত গমের আনুমানিক বাজার মূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা। এছড়া জাহাজের দুই সুকানিসহ ৫ জনকে আটক করা হয়েছে।