Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানুষের জীবন-মৃত্যু নিয়ে খেলেছিলেন জিয়াউল: অ্যাটর্নি জেনারেল

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৬ ১৩:০৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের ব্যবহার করে নিজ দেশের মানুষকে হত্যা করেছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। মানুষের জীবন-মৃত্যুকে তিনি খেলার বিষয় হিসেবে নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এদিন বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক শুরু হয়। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির শুনানি চলছে। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

যুক্তিতর্কে গুম ও হত্যার ঘটনাগুলোর বিবরণ তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত এসব গুম-খুন শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আঘাত ছিল না, বরং মানুষের জীবনের ওপর আঘাত ছিল। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের দেওয়া ক্ষমতা ও অস্ত্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কিন্তু জিয়াউল আহসান সেই ক্ষমতা ও অস্ত্র নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছেন। ফলে এই বিচার শুধু বাংলাদেশের মানুষের নয়, সমগ্র মানবতার পক্ষ থেকে জবাবদিহি নিশ্চিত করার দাবি।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘এই বিচার নিহত ব্যক্তিদের ফিরিয়ে দিতে পারবে না। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের দীর্ঘদিনের বেদনাও দূর করতে পারবে না। তারপরও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এ বিচার প্রয়োজন।’

রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘মানুষের জীবন-মৃত্যুকে জিয়াউল আহসান এমনভাবে বিবেচনা করেছেন, যেন তা একটি খেলার বিষয়। অথচ রাষ্ট্রের অস্ত্র জনগণের সুরক্ষার জন্য, কারও জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। ন্যায়বিচারের মধ্য দিয়ে জিয়াউল আহসানের মতো অপরাধীদের জন্য একটি শক্ত বার্তা দেওয়া সম্ভব হবে।’

এদিন ট্রাইব্যুনালে উপস্থিত রয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ রাষ্ট্রপক্ষের অন্য সদস্যরা। এ ছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরাও শুনানিতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর