ঢাকা: আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চেয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। এসব অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই হতে পারে একমাত্র সাজা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপনকালে এ আবেদন জানান অ্যাটর্নি জেনারেল।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। শুনানির কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), ট্রাইব্যুনালের ফেসবুক পেজ ও বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
যুক্তিতর্কের সমাপনী বক্তব্যে রুহুল কুদ্দুস কাজল বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণ করতে পেরেছে প্রসিকিউশন। তাই তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়া উচিত। একই সঙ্গে তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বণ্টনের আবেদন জানান তিনি।
এদিন চূড়ান্ত যুক্তি উপস্থাপনে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক অপরাধ ও দেশীয় ট্রাইব্যুনালে এ ধরনের গুরুতর অপরাধের বিচার এবং দণ্ডের নজির তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল।
এর আগে গত দুই দিন মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। বুধবার (২৫ নভেম্বর) তারা জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা প্রতিষ্ঠায় বিভিন্ন তথ্য-উপাত্ত ও আইনি ব্যাখ্যা তুলে ধরেন।
নিরাপত্তাজনিত কারণে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নেন।
গত ২৪ নভেম্বর মামলাটির যুক্তিতর্ক শুরু হয়। প্রথম দিন জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার ঘটনাপ্রবাহ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এর আগে ২২ নভেম্বর আসামিপক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় তিনি মামলাসংশ্লিষ্ট কিছু নথিপত্র ও ভিডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন।
গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
জিয়াউল আহসানের বিরুদ্ধে তিন অভিযোগ
প্রসিকিউশনের পক্ষ থেকে জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। তৃতীয় অভিযোগেও একই সময়ে আরও ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের দাবি, তথাকথিত বনদস্যু দমনের আড়ালে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।
এসব অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেওয়া হয় এবং একই দিন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে।
চলতি বছরের ১৪ জানুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এরপর ৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।