ঢাকা: প্রথমবারের মতো আগামীকাল ২৭ নভেম্বর পালিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক বাল্যবিবাহ, অপ্রাপ্তবয়সে বিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস’। চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসটি সামনে রেখে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের বাল্যবিবাহ পরিস্থিতি ও জন্ম নিবন্ধনের গুরুত্ব তুলে ধরেছে।
দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ ইউএনএফপিএ ও ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে প্রায় ৪৭ শতাংশ মেয়ের বিয়ে হয়েছে ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। বাল্যবিবাহের ফলে কন্যাশিশুদের শিক্ষাজীবন অকালে ঝরে পড়ে এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়। এছাড়া অপ্রাপ্তবয়সে গর্ভধারণের কারণে মা ও শিশুর জীবন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ে, যা সামগ্রিকভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলছে।
আইন সংশোধনের দাবি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জন্ম নিবন্ধন শিশুর শিক্ষা, স্বাস্থ্য, মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করার পূর্বশর্ত। এটি নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা শিশুদের সহজেই শনাক্ত করা সম্ভব। তবে উদ্বেগের বিষয় হলো, দেশে এখনো প্রায় অর্ধেক মানুষ জন্ম নিবন্ধনের বাইরে রয়ে গেছে।
বিশেষজ্ঞদের মতে, বিদ্যমান আইনের সীমাবদ্ধতাই শতভাগ নিবন্ধনের পথে প্রধান অন্তরায়। ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪’ সংশোধন করে ব্যক্তির পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে নিবন্ধনের আইনগত দায়িত্ব দেওয়া হলে হাসপাতালে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশু জন্মের পরপরই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় চলে আসবে।
আন্তর্জাতিক অঙ্গীকার ও সরকারি উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫.৩ অনুযায়ী বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূলে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি এসডিজি ১৬.৯-এ ২০৩০ সালের মধ্যে সবার জন্য আইনি পরিচয় নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া ‘জাতীয় বাল্যবিবাহ নিরোধ কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০)’ এবং ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সফলভাবে বাস্তবায়নে শতভাগ জন্ম নিবন্ধন বড় ভূমিকা রাখতে পারে। এর আগে ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সংলাপেও সর্বজনীন জন্ম ও বিবাহ নিবন্ধন নিশ্চিতের মাধ্যমে বয়স যাচাই প্রক্রিয়া জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করা অপরিহার্য বলে মত দিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা। তারা বলছেন, জন্ম নিবন্ধন কন্যাশিশুর বয়সের নির্ভরযোগ্য আইনি প্রমাণ হিসেবে কাজ করে, যা ভুয়া বয়স দেখিয়ে বাল্যবিবাহ দেওয়ার অপচেষ্টা রুখে দিতে পারে। এ লক্ষ্যে বিদ্যমান ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪’ সংশোধন করে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আইনগত দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, প্রতিটি কন্যাশিশুর জন্ম নিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তা শিশুর বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি করবে। বাল্যবিবাহমুক্ত দেশ গড়তে তাই জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি।