বাংলাদেশের বাজারে মুদ্রাস্ফীতি এখন শুধু দোকানের মূল্যট্যাগে নয়, প্যাকেটের ভেতরেও লুকিয়ে আছে। দাম একই রেখে বিস্কুট, চিপস, সাবান, টুথপেস্ট বা শ্যাম্পুর পরিমাণ কমিয়ে দেওয়াকে অর্থনীতির ভাষায় বলা হয় শ্রিংকফ্লেশন। ভোক্তা নগদে বাড়তি টাকা না দিলেও প্রতি গ্রাম বা প্রতি মিলিলিটারে বেশি মূল্য দিচ্ছেন। এটি এক ধরনের নীরব মূল্যবৃদ্ধি, যা দৃশ্যমান দামের স্থিরতার আড়ালে পরিবারের ক্রয়ক্ষমতা কমিয়ে দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবর ২০২৬-এ পয়েন্ট-টু-পয়েন্ট সাধারণ মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশে নেমেছে, যা সেপ্টেম্বরের ৮.৩৪ শতাংশের চেয়ে সামান্য কম। খাদ্য মূল্যস্ফীতি ৬.৪০ শতাংশে নামলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯.৮৯ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ সামগ্রিক সূচকে সামান্য স্বস্তি এলেও পরিবারের বাস্তব ব্যয়ের চাপ শেষ হয়নি; বরং ভোগ্যপণ্য, পরিবহন, জ্বালানি ও সেবার দাম ভিন্ন গতিতে চাপ সৃষ্টি করছে।এই প্রেক্ষাপটে ছোট প্যাকেটের বাজার বড় হচ্ছে।
শিল্পসংশ্লিষ্টদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভোক্তারা বড় ফ্যামিলি প্যাক থেকে ৫, ১০ ও ২০ টাকার মিনি প্যাকের দিকে সরে যাচ্ছেন। কিছু প্রতিষ্ঠান উৎপাদন ব্যয় সামলাতে একই মূল্যস্তরে পণ্যের ওজন কমাচ্ছে। একটি প্রতিবেদনে উদাহরণ এসেছে, ১০ টাকার বিস্কুট প্যাকে আগে প্রায় ৭০ গ্রাম থাকত, যা এখন ৩৫–৪০ গ্রামে নেমে এসেছে। ফলে প্রতি গ্রামের কার্যকর মূল্য প্রায় ৭৫ থেকে ১০০ শতাংশ বেড়ে যায়।সমস্যাটি শুধু প্যাকেট ছোট হওয়া নয়। মূল প্রশ্ন হলো, ভোক্তা কি জানছেন তিনি আগের চেয়ে কম পণ্য কিনছেন? ১০০ টাকার পণ্য ১ কেজি থেকে ৯০০ গ্রামে নামলে মূল্যট্যাগ অপরিবর্তিত থাকলেও প্রতি কেজির দাম প্রায় ১১ শতাংশ বাড়ে। একইভাবে, ১৫ গ্রামের প্যাকেট ১০ টাকায় বিক্রি হলে প্রতি গ্রামে মূল্য দাঁড়ায় প্রায় ৬৭ পয়সা; ওজন কমলে ভোক্তা ট্যাগে কোনো পরিবর্তন না দেখেও এককপ্রতি ব্যয় বাড়ছেন।
আন্তর্জাতিক গবেষণা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছে। যুক্তরাষ্ট্রের Government Accountability Office বলেছে, শ্রিংকফ্লেশন হলো পণ্যের পরিমাণ কমে যাওয়া, কিন্তু দামে সমানুপাতিক হ্রাস না আসা; এতে ওজন, আয়তন বা সংখ্যাভিত্তিক একক মূল্য বাড়ে। মার্কিন Bureau of Labor Statistics-ও বলছে, প্যাকেটের আকার কমলে দোকানের মূল্য একই থাকলেও ভোক্তার প্রতি একক ব্যয় বাড়ে এবং Consumer Price Index-এ তা প্রকৃত মূল্যপরিবর্তন হিসেবে বিবেচনা করা হয়।
বাংলাদেশের আইনেও ভোক্তার সুরক্ষার ভিত্তি আছে। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ১৬ ধারা অনুযায়ী, মোড়কে ঘোষিত নিট ওজন বা পরিমাণের তুলনায় কম পণ্য থাকলে কর্তৃপ্রাপ্ত কর্মকর্তা প্যাকেট পরীক্ষা করতে পারেন। আইনে মোড়কের লেবেলে নিট পরিমাণ, ওজন, সংখ্যামান ও খুচরা বিক্রয়মূল্য ঘোষণার বিধানও রয়েছে। একইসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ পণ্যের মোড়কে ওজন, পরিমাণ, উপাদান, উৎপাদন ও মেয়াদের স্পষ্ট তথ্য দিতে বাধ্য করে।
বিএসটিআই-এর নিয়মেও প্রি-প্যাকেটজাত পণ্যের নিবন্ধন ও লেবেলিং ব্যবস্থায় নেট ওজন, পরিমাণ, MRP এবং লেবেলিং যাচাইয়ের কথা বলা হয়েছে। কিন্তু আইন থাকা আর তা কার্যকরভাবে প্রয়োগ হওয়া এক বিষয় নয়। বাজারে শুধু MRP দেখা হয় বলেই অনেক প্রতিষ্ঠান দাম না বাড়িয়ে ওজন কমিয়ে ভোক্তার কাছ থেকে বাড়তি মূল্য আদায় করতে পারছে।তবে প্রতিটি ওজন হ্রাসকে অপরাধ বলা যাবে না। কাঁচামাল, ডলার-নির্ভর আমদানি ব্যয়, জ্বালানি, পরিবহন ও সরবরাহব্যবস্থার খরচ বাড়লে প্রতিষ্ঠানের পক্ষে দাম স্থিতিশীল রেখে প্যাকের আকার কমানো ব্যবসায়িক সিদ্ধান্ত হতে পারে। বিশ্বব্যাংকও বলেছে, বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি পরিবারের ক্রয়ক্ষমতা কমিয়েছে এবং ব্যবসার ব্যয় বাড়িয়েছে; নিম্নআয়ের শ্রমিকের বাস্তব মজুরি কমেছে।
কিন্তু ব্যবসার টিকে থাকার যুক্তি দিয়ে ভোক্তার তথ্য জানার অধিকারকে ছোট করা যায় না। প্যাকেটের বাইরের নকশা আগের মতো রেখে ভেতরের পরিমাণ কমানো হলে তা বিশেষভাবে বিভ্রান্তিকর। ভোক্তা মনে করেন পণ্যটি আগের মতোই, অথচ প্রকৃত পরিমাণ কমে গেছে। এ কারণেই আন্তর্জাতিক পর্যায়ে শ্রিংকফ্লেশন নিয়ে স্বচ্ছতা, লেবেলিং ও ভোক্তা-সচেতনতার প্রশ্ন উঠেছে।সমাধান কঠিন নয়। প্রতিটি প্যাকেটের সামনে বড় অক্ষরে নেট ওজনের পাশাপাশি প্রতি ১০০ গ্রাম বা প্রতি লিটারের একক মূল্য বাধ্যতামূলক করা যেতে পারে। কোনো পণ্যের ওজন নির্দিষ্ট সময়ের মধ্যে উল্লেখযোগ্যভাবে কমলে লেবেলে তা স্পষ্টভাবে জানানোর বিধান রাখা যেতে পারে।
বাজার তদারকিতে শুধু MRP নয়, একই পণ্যের আগের ও বর্তমান নেট পরিমাণও তুলনা করতে হবে।সবচেয়ে বড় দায়িত্ব ভোক্তারও। শুধু ‘কত টাকা’ নয় ‘কত গ্রাম’, ‘কত মিলিলিটার’, ‘প্রতি কেজিতে কত পড়ছে’ এই হিসাব করতে হবে। কারণ বাজারে দাম না বাড়িয়েও দাম বাড়ানো সম্ভব। বাংলাদেশের মুদ্রাস্ফীতির আলোচনায় শুধু মূল্যসূচকের দিকে তাকালে চলবে না; প্যাকেটের ভেতরটাও দেখতে হবে। কারণ কখনো কখনো মূল্যস্ফীতি দোকানের তাকেই দাঁড়িয়ে থাকে না সে প্যাকেটের ওজন হয়ে নীরবে কমে যায়।
লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ