Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ কি সত্যিই স্বয়ংসম্পূর্ণ?

ড. মিহির কুমার রায়
২৬ নভেম্বর ২০২৬ ১৬:৫৩

সারাবছরই মসলা জাতীয় এই শস্যটির একটি চাহিদা থাকে খাদ্য উপকরণে যদিও পেঁয়াজের একটি বহুমুখী ব্যবহার রয়েছে যেমন পুষ্টিগুণ বৃদ্ধিতে, ক্যালসিয়াম- সালফার- ভিটামিন সংযোজনে, শরীরের তাপমাত্রা কমাতে, লিভারের হজম শক্তি বাড়াতে, ত্বকের সমস্যা নিরসনে, ক্যান্সার ও ডায়াবেটিক রোগ নিয়ন্ত্রণে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে আমদানী ও উৎপাদন মিলিয়ে দেশে মোট পেঁয়াজের পরিমাণ দাঁড়ায় ২৯ দশমিক ৩৪ লাখ টন। দেশে প্রতিবছর পেঁয়াজের চাহিদা ৩৬ লাখ টন এবং প্রতিদিন সারাদেশে পেঁয়াজের চাহিদা ৬ হাজার টন আর ঢাকা শহরেই চাহিদা প্রতিদিন দেড় হাজার টন। সাধারণভাবে তিন ঋতুতে পেঁয়াজের চাষ হলেও বর্ষায় এর চাষ বেশি হয় যদিও বন্যার একটা অনিশ্চয়তা কিংবা বর্ষার একটি সঙ্কট রয়েই যায়। তারপরও যে বছর পেঁয়াজের বাম্পার ফলন হয়, সে বছর আবার কৃষক তার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয় এবং পরবর্তী বছরে পেঁয়াজ চাষে কৃষক আর উৎসাহিত না হয়ে অন্য ফসলে চলে যায়। যার ফলশ্রতিতে ঘাটতির পরিমাণ বেড়ে যায় পরবর্তী বছরে।

বিজ্ঞাপন

আমদানি নির্ভরতা কাটিয়ে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে এগোচ্ছে দেশ। মূলক স্থিতিশীল রয়েছে। উৎপাদন বৃদ্ধির পেছনে গবেষণা, নতুন ও উন্নত জাত উদ্ভাবন এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ সম্প্রসারণেরও ভূমিকা রয়েছে। গত পাঁচ বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির উৎপাদন বেড়েছে ৫১ শতাংশের বেশি। বিপরীতে উল্লেখযোগ্য হারে কমেছে আমদানি। উৎপাদন ও সরবরাহ বাড়ায় গত চার বছরের মধ্যে এ সময়ে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে পেঁয়াজের খুচরা মূল্য। উৎপাদন বৃদ্ধির বিপরীতে কমেছে পেঁয়াজের আমদানির পরিমাণও। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে দেশে পেঁয়াজ আমদানি হয়েছিল ৬ লাখ ২ হাজার ২৯ টন। এর পরের অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৭ লাখ ৫১ হাজার টনে। তবে ২০২৩-২৪ অর্থবছরে আমদানি ৬ লাখ ৫ হাজার টনে নামে। চাহিদা পূরণে ২০২৪-২৫ অর্থবছরে বিদেশ থেকে পেঁয়াজ আনা হয় ৪ লাখ ৭৪ হাজার টনের মতো। সবশেষ ২০২৫-২৬ অর্থবছরে আমদানি নেমে এসেছে মাত্র ৮৬ হাজার ৩৯৮ টনে। আর চলতি অর্থবছরে এখন পর্যন্ত পেঁয়াজ আমদানির প্রয়োজনই হয়নি, চাহিদা পূরণ হচ্ছে নিজেদের জোগান দিয়েই।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়,বর্তমান বছরে দেশে বার্ষিক ৩৬ লাখ টন চাহিদার বিপরীতে ৫০.৯০ লাখ টনেরও বেশি পেঁয়াজ উৎপাদিত হয়েছে, যা চাহিদার তুলনায় ৪৩.৩৯ শতাংশ বেশি।ব্যাপক ফলন এবং সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধির ফলে বাংলাদেশ এখন পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ অবস্থানে পৌঁছেছে। এতে আমদানি নির্ভরতা এড়িয়ে অফ-সিজনেও স্থানীয় বাজারে পেঁয়াজের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। একই সময়ে সরকারের উদ্যোগে আধুনিক সংরক্ষণাগার স্থাপনের ফলে স্থানীয় বাজারে অপেক্ষাকৃত কম দামে রান্নার অন্যতম প্রধান এই উপাদানটির ব্যাপক সরবরাহ নিশ্চিত হয়েছে। বিশেষ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অফ-সিজনে ফসল সংগ্রহোত্তর অপচয় ১০ শতাংশ কমিয়ে আনার মাধ্যমে বার্ষিক সংকট মোকাবিলার পথ সুগম হয়েছে। সাধারণত দেশে ফসল সংগ্রহোত্তর অপচয়ের হার ২০ থেকে ৩০ শতাংশ হয়ে থাকে, যা তীব্র পচন বা বৈরী আবহাওয়ার সময় ৫০ শতাংশ বা তারও বেশি হতে পারে। তবে আধুনিক সংরক্ষণ ব্যবস্থার কারণে অফ-সিজনেও বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।

এই অপচয়ের ফলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মৌসুমি সরবরাহ সংকট তৈরি হয়। এতে দাম বাড়ায় আমদানির ওপর নির্ভরতা বেড়ে যায়। তবে ব্যাপক ফলন এবং তৃণমূল পর্যায়ে ‘এয়ার-ফ্লো’ মেশিন বিতরণের মাধ্যমে কৃষকদের আধুনিক সংরক্ষণ সুবিধায় দেশে গত ১১ মাস ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা সম্ভব হয়েছে।এমনকি আমদানি বন্ধ রাখার মাধ্যমে এ সময়ে দেশে আনুমানিক ৩৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৪ হাজার ৭৬৪ কোটি টাকারও বেশি) সাশ্রয় হয়েছে। মূলত সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে দেশীয় পেঁয়াজের মজুত শেষ হয়ে গেলে এই আমদানির প্রয়োজন হতো।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার টন উৎপাদনের বিপরীতে পেঁয়াজ আমদানি হয়েছিল ৪ লাখ ৭৩ হাজার টন। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৩৯ লাখ টন উৎপাদনের বিপরীতে আমদানির পরিমাণ বেড়ে প্রায় ৬ লাখ টনে দাঁড়িয়েছিল বর্তমানে এখন আর পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই। ইতোমধ্যে সর্বোচ্চ ৪ থেকে ৫ লাখ টন ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক সংরক্ষণ সুবিধা গড়ে তুলা হয়েছে। এটি অফ সিজনে বার্ষিক সরবরাহ সংকট মেটাতে যথেষ্ট। ফলে সারা বছর পেঁয়াজের কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই।, এ পর্যন্ত কৃষক পর্যায়ে মোট ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে এবং চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে আরও ৪ হাজার মেশিন বিতরণের পরিকল্পনা রয়েছে সরকারের।এই ব্যবস্থার আওতায় কৃষকদের মুনাফার এবং পেঁয়াজ একটি লাভজনক ফসল। কারণ এখন কৃষকরা প্রতি বিঘা জমিতে ৫০ হাজার টাকা খরচ করে ১০০ মণ পেঁয়াজ পাচ্ছেন এবং তা ১ লাখ টাকায় বিক্রি করছেন। তাই কৃষকরা নিজেদের লাভের জন্যই স্বতঃস্ফূর্তভাবে পেঁয়াজ চাষ করছেন। প্রচলিত সংরক্ষণ পদ্ধতিতে প্রতি মণে প্রায় ১০ কেজি ওজন কমে যেত, যেখানে নতুন সংরক্ষণ পদ্ধতিতে তা মাত্র ২ থেকে ২ দশমিক ৫ কেজিতে নেমে এসেছে। কৃষকদের আর্থিক লাভের জন্য সরকারের এখন পেঁয়াজ রপ্তানির দিকে মনোযোগ দেওয়া উচিত, তা না হলে কৃষকরা লাভবান হবেন না। কারণ বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে ৪০ টাকা খরচ হচ্ছে।

এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৫ সালের ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) বন্ধ করে দিয়েছে। ফলে চলতি বছরে দেশে আর কোনো পেঁয়াজ আমদানি হয়নি। তবে ২০২৫-২৬ অর্থবছরের আগস্ট থেকে ডিসেম্বর সময়ে মাত্র ৮৬ হাজার ৩৬৮ টন পেঁয়াজ আমদানি করা হয়।এমনকি চলতি বছর দেশে ৩ লাখ হেক্টরেরও বেশি জমিতে ৫০ লাখ ৯০ হাজার টন উদ্বৃত্ত পেঁয়াজ উৎপাদিত হয়েছে, যা গত বছরের উৎপাদনের তুলনায় ৭ থেকে ১০ লাখ টন বেশি। ফসল সংগ্রহের দুই সপ্তাহ আগে মার্চের শেষে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় এ বছর প্রতি বিঘা জমিতে পেঁয়াজের উৎপাদন ৭০ মণের পরিবর্তে বেড়ে ১০০ মণ পর্যন্ত হয়েছে। একই সময়ে সংরক্ষণ সক্ষমতা বাড়াতে সরকার কৃষকদের মাঝে ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করেছে। এই প্রযুক্তি বা যন্ত্রটি মূলত দীর্ঘমেয়াদে পেঁয়াজ সংরক্ষণের জন্য নিয়ন্ত্রিত তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ু চলাচল নিশ্চিত করে, যা শেষ পর্যন্ত সারা বছর বাজারে পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ বজায় রাখে।

বাংলাদেশের পেঁয়াজ উৎপাদনশীল এলাকায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণ অভিযোজন প্রকল্প গ্রহণ করা হয়েছে। পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি এবং চাষিদের মাঝে পেঁয়াজ সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণ পেঁয়াজ আমদানি বন্ধ রাখতে ভূমিকা রেখেছে। আধুনিক এই সংরক্ষণ প্রযুক্তি স্থাপনের জন্য প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ২৭ হাজার টাকা করে প্রদান করা হয়েছে— যেখানে এয়ার-ফ্লো মেশিন কেনার জন্য ১৯ হাজার টাকা, মাচা বা প্ল্যাটফর্ম তৈরির জন্য ৭ হাজার টাকা এবং কৃষকের বাড়িতে একটি সাইনবোর্ড লাগানোর জন্য ১ হাজার টাকা বরাদ্দ ছিল। এই প্রযুক্তি বিতরণের ফলে কৃষকরা ইতোমধ্যে ৩ লাখ টন পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করেছেন। কেননা প্রতিটি মেশিনের প্রায় ১০ টন পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা রয়েছে। গ্রীষ্মকালীন বা মুড়িকাটা জাতের পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার ৪০টি জেলার ১১০টি উপজেলা এবং ২৫টি হর্টিকালচার সেন্টারে ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’ (ইআইভিটিএসপি)-এর দ্বিতীয় পর্যায়ের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বৃদ্ধি করেছে। এর আগে গৃহীত ১৩৭ দশমিক ৪২ কোটি টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত চলমান রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী প্লট (পলিশেড) এবং দেশের ২৫টি হর্টিকালচার সেন্টারের মাধ্যমে কৃষক পর্যায়ে মানসম্মত গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন করা হবে। খরিপ মৌসুমে চাষের উপযোগী স্বল্পমেয়াদি গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত, যেমন বারি-৫ পেঁয়াজ এই প্রকল্পের মাধ্যমে সম্প্রসারণ করা হবে। পেঁয়াজের উৎপাদন বাড়ার পেছনে কৃষকের পরিশ্রমের পাশাপাশি উচ্চফলনশীল নতুন জাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকরাও। এখন গবেষণার মাধ্যমে বড় আকারের পেঁয়াজের জাত উদ্ভাবন করা হয়েছে। এতে ফলন বেড়েছে চার থেকে পাঁচ গুণ। বারি-৪ ও বারি-৬ নামে পেঁয়াজের জাত বাজারে এসেছে জানিয়ে এ গবেষক বলেন, ‘এসব জাতের একেকটি পেঁয়াজের ওজন ৪০০ গ্রাম পর্যন্ত হয়। বারি-২, ৩ ও ৪ জাতের পেঁয়াজ সারা বছর চাষ করা যায়। এগুলো দ্রুত উত্তোলনও সম্ভব। ফলে উৎপাদনশীলতা বেড়েছে এবং আমদানির প্রয়োজনীয়তা কমেছে। আমরা পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগোচ্ছি।’

পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো সংরক্ষণকালীন পচন ও ওজন কমে যাওয়া। প্রচলিত পদ্ধতিতে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকলে সংরক্ষিত পেঁয়াজ দ্রুত নষ্ট হয়। ফলে উৎপাদন বেশি হলেও মৌসুমের পরবর্তী সময়ে বাজারে সরবরাহ সংকট দেখা দেয়ার আশঙ্কা থাকে। এ সমস্যা মোকাবেলায় কৃষক পর্যায়ে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। পেঁয়াজ এমন একটি মসলা জাতীয় ফসল যা পৃথিবীব্যাপী উৎপন্ন হয় এবং সব চাইতে বেশি উৎপাদন হয় ভারত ও চীন দেশে বিশেষত আদ্র অঞ্চলগুলোতে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হয় আর হালকা শীত থাকে। আমদানি বাণিজ্যে আমদানিকারকদের সকল বাণিজ্য সুবিধা প্রদান করতে হবে, টিসিবির কার্যক্রম ভোক্তাবান্ধব হতে হবে, বাজার মনিটরিং জোরদার করতে হবে, বাজার স্থিতিশীল হতে হবে, সঠিক নিয়মে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করতে হবে ও বাজারে সরবরাহ নিশ্চিত করতে হবে। এই বিষয়গুলো বিবেচনায় রাখলে মূল্য বিপর্যয়ের কোন সম্ভাবনা থাকবে না যা কৃষক, ভোক্তা ও সরকারের জন্য একটি স্বস্তির বিষয় হতে বাধ্য। সর্বোপরি পেঁয়াজ উৎপাদনে আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে।

লেখক: অর্থনৈতিক বিশ্লেষক, গবেষক, সাবেক পরিচালক (বার্ড), সাবেক ডিন (ব্যবসায় প্রশাসন ও বানিজ্য অনুষদ), সিটি ইউনিভার্সিটি, ঢাকা

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর