ঢাকা: জ্বালানি তেল, সার ও গম আমদানি এবং দুটি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ে ট্যারিফ হার নির্ধারণসহ ১৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রসভা কমিটি’। এর মধ্যে বিদ্যুৎ ক্রয়ে ট্যারিফ হার নির্ধারণের দুটি প্রস্তাব বাদে অবশিষ্ট ১৫টি ক্রয় প্রস্তাবে মোট ব্যয় হবে প্রায় ১৬ হাজার ২১৯ কোটি ৩৪ লাখ টাকা। এর বাইরে চট্টগ্রাম ওয়াসার একটি প্রকল্প কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় বাড়ছে ২১ কোটি ৭২ লাখ টাকা।
বৃহম্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৬ লাখ ২৫ হাজার মেট্রিকটন জ্বালানি তেল আমদানি
অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে আগামী বছরের জানুয়ারি-জুন পর্যন্ত সময়ের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় তিন ক্যাটাগরির মোট ৬ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ক্রয়ের চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। চার প্রস্তাবে মোট ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।
সর্বনিম্ন দরদাতা হিসেবে চারটির মধ্যে তিনটিই সরবরাহ করবে ‘ট্রাফিগুরা পিটিই লিমিটেড’। এগুলোর মধ্যে- প্রথম প্রস্তাবে ৬০ হাজার মেট্রিকটন গ্যাস অয়েল (ডিজেল, প্রতি ব্যারেল ১৬.৯৩ ডলার) আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা; দ্বিতীয় প্রস্তাবে ৯০ হাজার মেট্রিকটন গ্যাস অয়েল (ডিজেল, প্রতি ব্যারেল ১৭.৪৫ ডলার) আমদানিতে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ টাকা এবং তৃতীয় প্রস্তাবে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল (প্রতি ব্যারেল ৬৯.৮২ ডলার) আমদানিতে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হবে।
চতুর্থ প্রস্তাবে ‘ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ থেকে ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন অকটেন আমদানি করা হবে। প্রতি ব্যারেল ১৭.৩৬ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ টাকা।
১ লাখ ১০ হাজার মেট্রিকটন সার আমদানি
অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে তিনটি পৃথক প্রস্তাবে মোট ১ লাখ ১০ হাজার মেট্রিকটন সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে জি-টু-জি-এর আওতায় ‘কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন’ থেকে ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার (প্রতি মেট্রিকটন ৩৬৫.৭৫ ডলার) আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ১৮২ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার টাকা; সৌদি আরবের ‘সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি’ থেকে ৪০ হাজার মেট্রিকটন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার (প্রতি মেট্রিকটন ৪২৩.৩৩ ডলার) এবং কাফকো থেকে ৩০ হাজার মেট্রিকটন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার (প্রতি মেট্রিকটন ৩৯৭.৮৭ ডলার) ক্রয়ে ব্যয় হবে ১৪৯ কোটি ১৪লাখ ৩৩ হাজার টাকা।
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি
অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে জি-টু-জি-এর আওতায় যুক্তরাষ্ট্রের ‘ইউএস হুইট এসোসিয়েটস’থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম (প্রতি মেট্রিকটন ৩৪৭.৭৫ ডলার) আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ লাখ টাকা।
এছাড়া বৈঠকে অভ্যন্তরীণ বাজার থেকে দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্রিকটন চিনি এবং ১০ হাজার মেট্রিকটন মসুর ডাল কেনার দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে চিনি সরবরাহ করবে ‘মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড’(প্রতি কেজি ১০৪.৯৫ টাকা) এবং ৭৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে মসুর ডাল সরবরাহ করবে ‘নাবিল নাবা ফুডস লিমিটেড (প্রতি কেজি ৭৭.২৫ টাকা)।
চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর প্রকল্প
অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে ‘চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর’ প্রকল্পের দুটি পৃথক প্যাকেজ কাজ সম্পাদনে দুটি পৃথক ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭১৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ডব্লিউ-১ প্যাকেজের কাজটি করবে দেশিয় প্রতিষ্ঠান ‘ম্যাক্স ইন্ফ্রাসট্রাকচার লিমিটেড’ এবং ১ হাজার ৯১১ কোটি টাকা ব্যয়ে ডব্লিউ-২ প্যাকেজের কাজটি করবে চীনা প্রতিষ্ঠান ‘চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড’।
দুই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের ট্যারিফ হার নির্ধারণ,মেয়াদ ২৫ বছর
অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুটি বিদুৎ কেন্দ্র থেকে ২৫ বছর মেয়াদে বিদ্যুৎ ক্রয়ের লক্ষ্যে ট্যারিফ হার নির্ধারণের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়ছে। এর মধ্যে ‘বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড’ কর্তৃক নির্মিত ‘পায়রা ১৩২০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ে প্রতি কিলোওয়াট/ঘন্টা বিদ্যুতের ট্যারিফ হার ধরা হয়েছে ৭.৯৮৫৮ সেন্ট (৬ টাকা ৭৮ পয়সা)। এতে ২৫ বছরে মোট ব্যয় হবে ২ লাখ ২৮ হাজার ৬৬৩ কোটি টাকা।
অন্যদিকে ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড’ কর্তৃক রামপালে বাস্তবায়িত ২x৬৬০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্প’ থেকে বিদ্যুৎ ক্রয়ে প্রতি কিলোওয়াট/ঘন্টা বিদ্যুতের ট্যারিফ হার ধরা হয়েছে ৮.২৮২৮ সেন্ট (৯ টাকা ১১ পয়সা)। এতে ২৫ বছরে মোট ব্যয় হবে ২ লাখ ৩১ হাজার ৯৪৭ কোটি টাকা।
অন্যান্য ক্রয় প্রস্তাব
বৈঠকে অন্যান্য প্রস্তাবের মধ্যে এডিবি’র অর্থায়নে বাস্তবায়নাধীন খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২)-এর দুটি পৃথক পূর্ত কাজের ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১০৪ কোটি ৬২ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে একটি কাজ করবে ‘আরএফএল প্ল্যাস্টিক লিমিটেড’।
আর ৫৩০ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ের অপর কাজটি করবে ‘চায়না ফার্স্ট মেটালুরজিক্যাল গ্রুপ অব কোম্পানি লিমিটেড।
এছাড়া ১৬৮ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন এবং ১৪৮ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে সুনামগঞ্জ-হবিগঞ্জে ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও কালভার্ট পুনঃনির্মাণে পৃথক পৃথক ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম কাজটি করবে ‘স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং দ্বিতীয় কাজটি পেয়েছে ‘মাসুদ হাই-টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড।