ঢাকা: ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ক স্টেট সেক্রেটারি এলসেবেথ সন্ডারগার্ড ক্রোন পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী বাংলাদেশে স্টেট সেক্রেটারির প্রথম সফরের জন্য তাকে স্বাগত জানান এবং বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে ডেনমার্কের দীর্ঘদিনের বন্ধুত্ব ও অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।
উভয় পক্ষই ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক অংশীদারিত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং অনুষ্ঠিত বাংলাদেশ-ডেনমার্ক রাজনৈতিক পরামর্শসভার চতুর্থ পর্বের ফলাফল পর্যালোচনা করে।
বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু অভিযোজন, পানি ব্যবস্থাপনা, সামুদ্রিক বিষয়াবলি, শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর, জ্ঞান বিনিময় ও সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন; পাশাপাশি সহযোগিতাকে আরও এগিয়ে নিতে উচ্চপর্যায়ের নিয়মিত যোগাযোগের ওপরও জোর দেন। এছাড়া, তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) বিষয়ক আলোচনা শুরুর লক্ষ্যে ডেনমার্কের সমর্থন কামনা করেন।
এলসেবেথ সন্ডারগার্ড ক্রোন বাংলাদেশে ডেনমার্কের বিনিয়োগ ও উদ্যোগগুলোর ওপর আলোকপাত করেন; যার মধ্যে রয়েছে লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প এবং প্রস্তাবিত অফশোর বায়ুবিদ্যুৎ প্রকল্প। এছাড়া জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ে আরও সহযোগিতার ক্ষেত্রে ডেনমার্কের আগ্রহের বিষয়টি তিনি পুনর্ব্যক্ত করেন।
রোহিঙ্গা সংকট নিয়েও উভয় পক্ষ আলোচনা করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে ডেনমার্কের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় ও টেকসই মানবিক সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে দেশটির সমর্থন কামনা করেন।
রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে জবাবদিহিতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সম্পৃক্ততা বজায় রাখার ওপর উভয় পক্ষই গুরুত্বারোপ করে।
উভয় পক্ষই বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্ককে আরও জোরদার করতে এবং পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।