Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে পিস্তলসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৬ ০৯:০৩

ছবি: সংগৃহীত।

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে ইজিবাইকে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে ম্যাগাজিন ও গুলিবিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে গোয়ালন্দ ঘাট থানার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় লুৎফর করিম টিটুর বাড়ির সামনে বেড়িবাঁধের পাকা সড়কে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন-ফরিদপুরের সদরপুর থানার শ্যামপুর/মটকচর এলাকার দবির উদ্দিনের ছেলে ও প্রাইভেট কারচালক জুয়েল উদ্দিন (২৩), একই থানার আমিরাবাদ এলাকার আব্দুল আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান পৌর এলাকার ২৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার শেখের ছেলে রাতুল শেখ (২২)।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইকারী চক্রের ছয় সদস্য একটি সাদা রঙের প্রাইভেট কার ও একটি ইয়ামাহা এমটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে চারজন প্রাইভেট কারে এবং দুজন মোটরসাইকেলে ছিল। একপর্যায়ে ফরিদপুর থেকে গোয়ালন্দগামী একটি ইজিবাইকে থাকা নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এ সময় ইজিবাইকে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে প্রাইভেট কারে থাকা দুজন ও মোটরসাইকেলে থাকা একজনসহ মোট তিনজনকে আটক করেন তারা। এ সময় আটক ব্যক্তিদের গণধোলাই দেওয়া হয় বলেও জানা গেছে।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজিব শিকদার, এসআই মধুসূদন সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। আটক তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে থানায় আনা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

মিরপুরের পল্লবীতে ২ বাসে আগুন
২৭ নভেম্বর ২০২৬ ০১:৫৭

আরো

সম্পর্কিত খবর