থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। ঝোড়ো বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে প্রায় ১০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে ৪৪০টি ফ্লাইট বাতিল হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আমেরিকানরা যখন এই বার্ষিক ছুটির দিনটি পালন করছিলেন, তখন তীব্র ঝড়ের কারণে সারা দেশে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কয়েকটি এলাকায় ঘণ্টায় ৭০ মাইল (১১২ কিলোমিটার) বেগে দমকা হাওয়া বয়ে গেছে। ভারী বৃষ্টিতে উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। ঝড়ের কারণে ওয়াশিংটন ও নিউইয়র্ক সিটি এলাকার প্রধান বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফ্লাইট চলাচলের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের হিসাবে, গতকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ৪৪০টি ফ্লাইট বাতিল হয়েছে। আর বিলম্বিত হয়েছে ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট।
বিদ্যুৎ–বিভ্রাটের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ৯ লাখ ৬১ হাজারের বেশি গ্রাহকের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ছিল। এর মধ্যে পেনসিলভানিয়ায় ২ লাখ ৩৫ হাজারের বেশি, নিউ জার্সিতে ১ লাখ ৮০ হাজারের বেশি, মেরিল্যান্ডে ১ লাখ ৫৬ হাজার এবং ভার্জিনিয়ায় ১ লাখ ৩২ হাজার গ্রাহক ছিলেন।

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে বৃষ্টির মধ্যে মানুষজন হেঁটে যাচ্ছে। এএফপি
এ ছাড়া মিসৌরিতে প্রায় ১ লাখ ৬ হাজার, নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৫৬ হাজারের বেশি, ডেলাওয়ারে ২১ হাজারের বেশি এবং নর্থ ক্যারোলাইনায় প্রায় ১৬ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ও অঙ্গরাজ্যের কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন, বৃষ্টি ও উপকূল থেকে স্থলভাগের দিকে প্রবাহিত শক্তিশালী বাতাসের কারণে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে। বৃষ্টিতে মাটি ভেজা থাকায় গাছ উপড়ে পড়ার ঝুঁকিও বেড়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ডেলাওয়ার, নিউ জার্সি, নিউইয়র্ক ও উপকূলীয় নিউ ইংল্যান্ডের কিছু এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল বেগে ঝোড়ো বাতাস বয়ে গেছে বা এমন বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।
দফতরটি বলেছে, রাতের দিকে মধ্য আটলান্টিক অঞ্চলে পরিস্থিতির উন্নতি হতে পারে। সবচেয়ে ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাস নিউ ইংল্যান্ডের দিকে সরে যাবে। তবে আজ শুক্রবারও পূর্ব উপকূলের কিছু এলাকায় ঘণ্টায় ২৫ থেকে ৩৫ মাইল বেগে দমকা হাওয়াসহ ঝোড়ো আবহাওয়া থাকতে পারে।
নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে বাতাসের গতি আরও বেড়ে গেছে। লাগার্ডিয়া বিমানবন্দরে ঘণ্টায় ৫৬ মাইল (৯০ কিলোমিটার) বেগে বাতাস রেকর্ড করা হয়েছে।
জাতীয় আবহাওয়া দফতর বলেছে, ঝড়ের সঙ্গে সংশ্লিষ্ট উপকূলমুখী শক্তিশালী বাতাস এবং অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে পূর্ব উপকূলের নিচু এলাকাগুলোতে উপকূলীয় বন্যা দেখা দিয়েছে।

বৃষ্টির পানিতে প্লাবিত একটি এলাকা। গেটি ইমেজ।
মেরিল্যান্ডের মন্টগোমারি ও প্রিন্স জর্জ কাউন্টিতে প্রায় ২০ লাখ মানুষকে পানি সাশ্রয় করার অনুরোধ জানানো হয়েছে। ভারী বৃষ্টির কারণে সেখানে বিদ্যুৎ সরবরাহ বারবার ব্যাহত হচ্ছে। এছাড়া ঝড়ের কারণে বেশ কয়েকবার সংক্ষিপ্ত সময়ের জন্য টর্নেডো সতর্কতা জারি করা হয়-যার মধ্যে ওয়াশিংটনের সিয়াটলের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বিরল টর্নেডোর সতর্কতাও অন্তর্ভুক্ত ছিল।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে (মিডওয়েস্টার্ন অঞ্চল) ভারী তুষারপাত হয়েছে, মিসৌরির কিছু এলাকায় ৩৫ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমেছে।
মেয়র জোহরান মামদানির তথ্য অনুযায়ী, নিউইয়র্ক সিটিতে বন্যায় ভেসে যাওয়া গাড়ির ভেতর থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে।
মামদানি বলেন, ‘আপনার নিরাপত্তার চেয়ে মূল্যবান কোনো গন্তব্য হতে পারে না।’ উপকূলীয় অন্যান্য এলাকা থেকেও একই ধরনের উদ্ধারের খবর পাওয়া গেছে।
ঝড়ের আশঙ্কায় নিউইয়র্ক সিটিতে বৃহস্পতিবারের ১০০তম বার্ষিক ম্যাসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড স্থগিত করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এই প্রথম অনুষ্ঠানটির সময়সূচিতে পরিবর্তন করা হলো।