চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু নাজমুল কবির নূরুলকে (৩২) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর শিবগঞ্জে মাঠের মধ্যে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার পাশে থাকা নাজমুলের মাথা, হাত ও চোখে গুরুতর আঘাত লাগে। পরে তার স্ত্রী তাকে রাজশাহীতে নিয়ে গিয়ে চিকিৎসা করান এবং একটি বাসায় রাখেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসা ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৫ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।