Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অচলাবস্থা নিরসনের দাবিতে আইইবির সামনে চুয়েট শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৬ ১২:৫৩

চুয়েটের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের বাসযোগে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে পৌঁছে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল ‘আমরা কী চাই? সমাধান’, ‘শরিফের ঠিকানা, এই চুয়েটে হবে না’, ‘যে-ই ভিসি ছাত্র মারে, সেই ভিসি আমার না’, ‘আইইবি নীরব কেন? জবাব চাই’ এবং ‘প্রহসনের ভিসি, মানি না মানব না’।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিনের অচলাবস্থায় বিশ্ববিদ্যালয়ে ওষুধ, জ্বালানি, লেখার কালি, পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র তৈরির কাগজসহ জরুরি সামগ্রীর সংকট দেখা দিয়েছে। এ ছাড়া প্রায় পাঁচ মাস ধরে গবেষণা সহকারীদের বেতন বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।

শিক্ষার্থীদের পক্ষে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব বলেন, ‘আপনারা আমাদের ক্লাসে ফিরতে সাহায্য করুন। আমরা ক্লাসে ফিরতে চাই। আমাদের সেই সুযোগটা করে দিন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, সরকারের যারা নীতিনির্ধারক রয়েছেন, তাদের সবার কাছে আমাদের আবেদন—আমরা এই মুহূর্তে একজন ভিসি চাই। আমাদের এই প্রশাসনিক সমাধানটা করে দিন। আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষায় ফিরে যাব।’

কর্মসূচিতে উপস্থিত হয়ে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, সেশন জট এড়িয়ে চুয়েটের শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করাই তাদের লক্ষ্য। চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার কেন্দ্রটির না থাকলেও শিক্ষার্থীদের দাবিগুলো সরকারের নীতি নির্ধারণী মহলে জোরালোভাবে তুলে ধরে কার্যকর সমাধানের জন্য কাজ করছেন তারা।

তিনি জানান, এ বিষয়ে আইইবির কেন্দ্রীয় নেতাদের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সরকারের সচিব পর্যায়সহ উচ্চপর্যায়ে দায়িত্ব পালনরত চুয়েটের সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলে পৌঁছানো হয়েছে। সরকার দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা আইইবি চট্টগ্রাম কেন্দ্র থেকে মিছিল বের করেন। মিছিলটি নগরীর কাজীর দেউড়ি মোড় প্রদক্ষিণ করে পুনরায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

ফের বাড়ল সোনার দাম 
২৭ নভেম্বর ২০২৬ ১২:৩৬

আরো

সম্পর্কিত খবর