Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১১ দল একসঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিতে চায়

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৬ ২১:৪৫

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

ঢাকা: দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নির্বাচন কমিশনের সঙ্গে প্রস্তাবিত সংলাপে ১১ দল একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য নির্বাচন কমিশনের কাছে আলাদা সময় বরাদ্দের আনুষ্ঠানিক আবেদন জানাবে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার যে অঙ্গীকার ছিল, সেখানে এখন বিভক্তি দেখা দিয়েছে। বিএনপি সরকার গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সংকট আরও বেড়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সংকট নিরসনে বিরোধী দলের সঙ্গে সরকারের সংলাপের বিষয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছে। এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচন কমিশনের সংলাপ অর্থবহ করতে ১১ দলীয় ঐক্যের অন্তর্ভুক্ত দলগুলোর সঙ্গে একসঙ্গে সংলাপ আয়োজনের জন্য কমিশনকে জানানো হয়েছে। এ বিষয়ে ১১ দলের পক্ষ থেকে আলাদা সময় বরাদ্দ চেয়ে আনুষ্ঠানিক আবেদন করা হবে।

তিনি আরও বলেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। সংস্কার কোনো দলের একক দাবি নয়, এটি গোটা জাতির দাবি। গণভোটের রায় বাস্তবায়নের জন্য ১১ দল বারবার আহ্বান জানিয়েছে। সংসদে ও রাজপথে দাবি তোলার পাশাপাশি এ বিষয়ে নোটিশও দেওয়া হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই সংসদের আলোচনা থেকে সেই নোটিশ বাদ দেওয়া হয়েছে। এ কারণে ১১ দল রাজপথে আন্দোলন করছে।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি ১১ দলের সম্মিলিত দাবি। তাই একক দল হিসেবে তারা সংলাপে অংশ নিতে চান না। জাতীয় সংলাপে ১১ দলীয় ঐক্য একসঙ্গে অংশ নিতে চায়। তারা আশা করেন, এ সংলাপ দেশের চলমান সংকট নিরসনে ভূমিকা রাখবে এবং জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জাতির যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের পথ তৈরি করবে।

সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সংকট নিরসনে সবার সহযোগিতা প্রয়োজন হলেও মূল দায়িত্ব সরকারের। সরকার কতটা আন্তরিক, আদৌ সংস্কার চায় কি না এবং চাইলে কীভাবে তা করতে চায়, সেটি গুরুত্বপূর্ণ বিষয়।

হামিদুর রহমান আযাদ বলেন, সংস্কার কীভাবে হবে, সেই প্রক্রিয়া জনগণ গণভোটের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছে। জুলাই সনদের ওপর অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতেই সংস্কার হতে হবে। সাংবিধানিক সংস্কারের বিষয়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। এ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদ গঠন করতে হবে।

সরকার সংলাপ আয়োজনের উদ্যোগ নিলে ১১ দলের শীর্ষ পর্যায়ে আলোচনা করে সংলাপের বিষয়গুলো নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল আদিব, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল হোসেন, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর