Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দোয়া চাইলেন ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, মাঠে ফেরা নিয়ে নতুন শঙ্কা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৬ ১৯:৩৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ২১:৪১

চোট কাটিয়ে অনেক দিন পর মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নাহিদ রানা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফেরার পরিকল্পনাও ছিল তরুণ এই পেসারের। কিন্তু সেই প্রস্তুতিতে এবার বাধা হয়ে দাঁড়াল ডেঙ্গু। চার দিন জ্বরে ভোগার পর পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়েছে বাংলাদেশের গতি তারকার। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন নাহিদ রানা।

শুক্রবার নিজের ফেসবুক পেজে অসুস্থতার খবর জানিয়ে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নাহিদ। তাঁর পেজের অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘সবার কাছে তিনি (নাহিদ রানার) দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।’

বিজ্ঞাপন

নাহিদের ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবরটি এসেছে এমন সময়ে, যখন দীর্ঘদিনের চোট কাটিয়ে ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ানডে দলেও তাঁকে রাখা হয়নি। পুরোপুরি ফিট না হওয়ায় নির্বাচকেরা তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাননি। পরিকল্পনা ছিল, ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ চলাকালীন তাঁকে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হবে। সেখানে গিয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নেওয়ার কথা ছিল এই পেসারের।

এর আগে চোটের পুনর্বাসনের অংশ হিসেবে গত মাসে অস্ট্রেলিয়ায় ছিলেন নাহিদ। সেখানে বোলিংও শুরু করেছিলেন তিনি। তখন ব্যথা না থাকায় ধাপে ধাপে বোলিংয়ের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করা হয়। নভেম্বর পর্যন্ত তাঁর জন্য নির্দিষ্ট বোলিংয়ের লক্ষ্যমাত্রাও ঠিক করে দেওয়া হয়েছিল। কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ায় গত দুই দিন বোলিং করতে পারেননি। এবার ডেঙ্গু শনাক্ত হওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ায় আবারও ছেদ পড়ল।

নাহিদের মাঠে ফেরার সময় নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ডেঙ্গু থেকে সেরে ওঠার পর সাধারণ শারীরিক দুর্বলতা দেখা দেয়। বিসিবি নিশ্চয় শারীরিক  অবস্থা ও ফিটনেস বিবেচনায় নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নিবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১ ডিসেম্বর। এরপর ১০ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ডেঙ্গু নাহিদকে টি-টোয়েন্টি সিরিজেও ফিরতে দিবে কিনা সেটাই দেখার।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর