ঢাকা: বিশ্বের ৩৪টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা ছাড়া ভ্রমণের চুক্তি রয়েছে। ফলে ভিসা ছাড়া ৩৪ দেশে যাওয়ার সুযোগ থাকছে বাংলাদেশি পাসপোর্টধারীদের ।
১ জুলাই ২০২৬ পর্যন্ত হালনাগাদ করা এই তালিকা সম্প্রতি পররাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে চুক্তি থাকলেই যে সবধরনের পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া যাওয়া যাবে, তা নয়। পাসপোর্টের ধরন অনুযায়ী এই সুবিধা পাওয়া যাবে।
সবচেয়ে বেশি ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়া ভ্রমণের চুক্তি আছে। দেশগুলো হলো সিঙ্গাপুর- ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।
অন্যদিকে, জাপান ও উজবেকিস্তানে ভিসা ছাড়া যাওয়ার সুযোগ পাবেন কেবল কূটনৈতিক পাসপোর্টধারীরা। একইভাবে ওই দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরাও ভিসা ছাড়া বাংলাদেশে আসতে পারবেন। চুক্তির শর্ত অনুযায়ী, এই দেশগুলোর নির্ধারিত পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই বাংলাদেশে প্রবেশের সুযোগ পাবেন।
তালিকাভুক্ত ৩৪টি দেশের মধ্যে একমাত্র মালদ্বীপে যেকোনো পাসপোর্ট নিয়েই ভিসা ছাড়া যাওয়া যাবে। অর্থাৎ বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরাও ভিসা ছাড়া মালদ্বীপে যেতে পারবেন এবং মালদ্বীপের সাধারণ নাগরিকরাও ভিসা ছাড়া বাংলাদেশে আসতে পারবেন। তবে দুই দেশের কেউই কাজের উদ্দেশ্যে ভিসা ছাড়া যাতায়াত করতে পারবেন না।