আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান। এমনকি নারীদের নামের পরিবর্তে তাদের ‘বিবি’ (দাদি বা বৃদ্ধা) বলে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। কোনো কোনো ক্ষেত্রে নারীদের ‘ছাগল’ বা ‘গরু’ বলেও ডাকা হচ্ছে বলে জানিয়েছেন নারী অধিকারকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস এ তথ্য জানিয়েছে। আফগান সংবাদমাধ্যম জান টাইমস-এর বরাতে এ তথ্য প্রকাশ করেছে তারা।
প্রতিবেদন অনুযায়ী, বালখ প্রদেশে নারীদের নাম সরকারি নথি থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসা সংক্রান্ত নথি ও ব্যবস্থাপত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে দেশটির অন্যান্য প্রদেশেও একই ধরনের বিধিনিষেধ ছড়িয়ে পড়ার উদ্বেগ তৈরি হয়েছে।
আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি এল পাইসকে জানিয়েছেন, নারী, চিকিৎসক ও নাগরিক অধিকারকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, স্বাস্থ্যকর্মীসহ সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের নারীদের ‘বিবি’ বলে সম্বোধন করতে বলা হয়েছে। পাশাপাশি কিছু নারীকে অবমাননাকরভাবে ‘ছাগল’ ও ‘গরু’ বলেও ডাকা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক আফগান অধিকারকর্মীও এল পাইসকে এ ধরনের নির্দেশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার দাবি, এখন পর্যন্ত নির্দেশটি উপেক্ষা করা হয়েছে।
নারী অধিকার সংগঠন ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তালেবান ভবিষ্যতে দেশজুড়ে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে পারে। এর আগে বিভিন্ন এলাকায় জারি করা বিধিনিষেধ পরবর্তী সময়ে পুরো দেশে ছড়িয়ে দেওয়ার নজির রয়েছে।
এল পাইসের তথ্য অনুযায়ী, আফগান নারীদের অধিকার সীমিত করে তালেবান এখন পর্যন্ত ১৪৪টির বেশি ডিক্রি জারি করেছে বলে হিসাব করেছে ফেমেনা।
এদিকে তালেবান শাসনে নারীদের কর্মসংস্থান ও শিক্ষা গ্রহণের সুযোগও সংকুচিত হয়েছে। বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে পরিচয় গোপন রাখা কাবুলের এক নারী বিউটি পারলার মালিক জানান, কর্তৃপক্ষ তাঁর আগের পারলারে অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করার পরও তিনি নতুন করে ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু এখন সেটিও করতে দেওয়া হচ্ছে না।
নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞার অভিযোগের বিষয়ে ওসমানি সতর্ক করে বলেন, চিকিৎসা সংক্রান্ত নথি ও ব্যবস্থাপত্রে একই ধরনের নাম ব্যবহারের কারণে চিকিৎসায় ভুল হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এতে নারী রোগীদের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে।
তালেবান শাসনে আফগান নারীরা এমনিতেই চিকিৎসাসেবা পেতে নানা বাধার মুখে রয়েছেন। পুরুষ চিকিৎসকদের নারী রোগী দেখার ক্ষেত্রে বিধিনিষেধ এবং নারীদের চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ গ্রহণে বাধার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে জানিয়েছে এল পাইস।
এর আগে, ২০১৭ সালে আফগান নারীদের সরকারি নথিতে, বিশেষ করে সন্তানের জন্মসনদে মায়ের নাম অন্তর্ভুক্ত করার দাবিতে প্রচার শুরু করেছিলেন ওসমানি। উগ্রপন্থীদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেলেও তার প্রচারণার ফলে ২০২০ সালে জন্মসনদে মায়ের নাম স্বেচ্ছায় যুক্ত করার সুযোগ তৈরি হয়। তবে সেই অগ্রগতি বেশিদিন স্থায়ী হয়নি।
২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র-সমর্থিত আফগান সরকারের পতনের পর আবারও ক্ষমতায় ফিরে আসে তালেবান। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে মার্কিন সেনা প্রত্যাহারের সময় কাবুল থেকে বিশৃঙ্খল পরিস্থিতিতে সেনা সরিয়ে নেওয়ার ঘটনা বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দেয়।