চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কালাগ্রামে মাটিবোঝাই যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তাসফিয়া ফারিহা (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয় সম্রাট (২৫) নামে এক যুবক।
শনিবার (২৮ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শিক্ষার্থী ও মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের ছটেঙ্গাপাড়ার খবির হোসেনের মেয়ে। আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, ফারিহা প্রতিদিনের মতো এদিন সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে স্কুলে যাচ্ছিল। তারা কালা মসজিদের কাছে পৌঁছালে জীবননগর থেকে আসা দ্রুতগতির একটি মাটিবোঝাই যানবাহন তাসফিয়াকে বহনকারী বাইসাইকেলে ধাক্কা দেয়। এ সময় যানবাহনটির নিচে পড়ে তার চাকায় পিষ্ট হয়ে সে নিহত হয়। এ সময় সাইকেলচালক সম্রাটের হাত ভেঙে যায়। একইসঙ্গে সে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়।
এদিকে ঘটনার পরপরই মাটিবোঝাই যানবাহনের চালক ও গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যায়।
অবৈধ যানবাহনটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালককে আটক করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।