Saturday 28 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কারাফটকে শেষবারের মতো ছেলের মুখ দেখলেন কারাবন্দি শারমিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৬ ১৫:১৬

শারমিন সুলতানা শর্মী ও তার সন্তান তূর্য। ছবি: সংগৃহীত

ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী ও কারাবন্দি শারমিন সুলতানা শর্মী শেষবারের মতো ছেলের মরদেহ দেখলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে। বিশেষ চাহিদাসম্পন্ন ১৫ বছর বয়সি ছেলে নিস্বর্গ হোসেন তূর্যের মৃত্যুর পর শনিবার (২৮ নভেম্বর) দুপুরে মানবিক বিবেচনায় শারমিনকে তার ছেলের মুখ দেখার ব্যবস্থা করে দেয় কারা কর্তৃপক্ষ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে তূর্যের মরদেহ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয়। সেখানে ছেলেকে শেষবারের মতো দেখেন শারমিন। পরে তার পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে সেখান থেকে ফিরে যান।

শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, দুপুর ১২টার দিকে কারাফটকে শারমিনের সঙ্গে তূর্যের দেখা হয়েছে। তারা এখন কাশিমপুর থেকে ফিরে যাচ্ছেন। তূর্য শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে মারা যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, ‘শারমিন সুলতানা ও শাহাদাৎ হোসেনের সন্তান মারা গেছে। শিশুটি বিশেষ চাহিদাসম্পন্ন ছিল। সন্তানের মরদেহ শেষবারের মতো দেখানোর জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। বিধি অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মানবিক বিবেচনায় প্রায় দুই মিনিটের জন্য কারাফটকে মায়ের সঙ্গে সন্তানের শেষ দেখার ব্যবস্থা করা হয়।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শারমিন সুলতানার আগে দেওয়া বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে অসুস্থ সন্তানের কথা উল্লেখ করে তাকে মুক্তির আকুতি জানাতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, তার সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন। সারারাত তাকে ওষুধ দিতে হয়। মা-বাবা ছাড়া শিশুটিকে দেখাশোনা করার কেউ নেই বলেও জানান তিনি। এ সময় বাসা থেকে তাকে ‘মব’ করে তুলে আনার অভিযোগও করেন শারমিন।

মৃত তূর্যেরও আগে দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। সেখানে তাকে মাকে নিরপরাধ দাবি করে মুক্তি দেওয়ার আহ্বান জানাতে শোনা যায়। ভিডিওতে সে বলে, সংবিধান বলে কিছু থাকলে তার মায়ের মুক্তি যেন দেওয়া হয়।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে গত ৩ অক্টোবর গভীর রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

আটকের আগে নিজ বাসায় কয়েকদিন ধরে ‘মব’ ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছিলেন শারমিন ও তার আইনজীবী। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী হওয়ায় পারিবারিক বিরোধের ঘটনাটি রাজনৈতিক বিতর্কেও রূপ নেয় বলে সংশ্লিষ্টদের অভিযোগ।

এদিকে, গ্রেফতারের সময় অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দেখাশোনার বিষয়টি তুলে ধরে শারমিনের আকুতি এবং পরে মায়ের সান্নিধ্য ছাড়াই তূর্যের মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়ার পাশাপাশি কারাবন্দি মায়ের সঙ্গে সন্তানের যোগাযোগ ও মানবিক বিবেচনার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর