আওয়ামী রাজনীতির মৌলিক কিছু বৈশিষ্ট আছে যা থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বিচ্ছিন্ন হবার সুযোগ আওয়ামীলীগের নেই। প্রতিটি রাজনৈতিক দলেরই নিজস্ব কিছু আদল থাকে। সে বিবেচনায় আওয়ামীলীগের এমন কিছু আদল আছে যা থেকে বেরিয়ে এলে আওয়ামীলীগের চরিত্রগত আদল আর থাকে না। শুধু আচার-আচরণের বিবেচনায় নয়, তাদের অস্থিঃমজ্জাগত কিছু চরিত্র আছে যা পরিবর্তন করা তাদের পক্ষে কোনভাবেই সম্ভব নয়। বিগত ১৭-১৮ বছর ফ্যাসিস্ট হাসিনা সভা-সেমিনারে মিটিং সমাবেশে এমনকি প্রেস কনফারেন্সে যে ভাষায় শুধু বিরোধী দলই নয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমনকি আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে যে ভাষায়, যেসব শব্দ ব্যবহার করে, যে বডিল্যাঙ্গুয়েজে কথা-বার্তা বলেছেন তা দেশের একজন প্রধানমন্ত্রীর ভাষা বলে কী কখনো মনে হয়েছে? কিন্তু মজার ব্যাপার হলো এই যে, তার চারপাশে আওয়ামী পন্থী সাংবাদিক, কলামিষ্ট, প্রফেসর, বুদ্ধিজীবি কী কম ছিল? কিন্তু তারা কী কখনো হাসিনার এইসব অপআচরণ বিষয়ে একটি বারও প্রশ্ন তুলেছে? কোন মিডিয়ায় একটি লাইন অন্ততঃ প্রকাশ করেছে? বরঞ্চ তারা ফ্যাসিস্ট হাসিনার ঐসব অপআচরণকে আরও উস্কে দিয়েছে। তাকে উৎসাহ দিয়েছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে আর কোন দিন মাথা তুলে দাঁড়াতে পারবে না, এইরকম একটা পাকাপোক্ত সিদ্ধান্ত সামনে রেখেই কীর্তিকলাপ করেছে। আওয়ামী শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এমনকি রুটলেভেল পর্যন্ত নেতা-কর্মী যারা আছে তাদের চিন্তায় একটা বড় রকম সমন্বয় ছিল যে, কেয়ামত পর্যন্ত না হোক কমপক্ষে তাদের আপা শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে ততদিন বাংলার জমিনে অন্য কারো ক্ষমতায় আসার বিন্দু বিসর্গ সুযোগ নেই। তাদের এই বাকশালী ফয়সালার মালিক তারা নিজেরাই। কত ভাসমান পরিবারের বখাটে ছেলেদের শুধু যুবলীগ, ছাত্রলীগ করার মহিমায় কোটি কোটি টাকার মালিক বনে যেতে দেখেছে জনগন তার হিসেব দুদকের কাছে না থাকলেও এলাকার জনগণ সে হিসেব রাখে।
আওয়ামীলীগের বয়স্ক নেতারা ভ্রু কুচকিয়ে তৃপ্তির ঢেকুর তুলে প্রায়শঃ বলে বেড়াতেন আওয়ামীলীগ অতিশয় প্রাচীন দল। এ দলের সাথে অন্যান্য রাজনৈতিক দলের তুলনা করাটাও তাদের কাছে অতিশয় লজ্জার বিষয় মনে করত। পাছে তাদের দলের ভাবমূর্তিতে ছেদ পড়ে। বিএনপি’র সমর্থকরাও এর প্রত্যক্ষ প্রতিবাদ করতে চায় না, কেননা প্রতিষ্ঠার বিবেচনায় আওয়ামীলীগের এই প্রাচীন বয়সতো আর অস্বীকার করা যাবে না। এই রকম একটা প্রসঙ্গে কথা বলার সময় বাংলাদেশের একজন সাবেক সচিব (সিএসপি) অনেক বড় ফ্যামিলির সন্তান, একই সাথে নিজেও অনেক গুণি ব্যক্তি। স্কুল, কলেজ, ইউনির্ভাসিটি জীবনে কোন দিন সেকেন্ড হননি। তিনি বলছিলেন, জানোতো পৃথিবীতে সভ্যতার অনেক আগে এসেছে অসভ্যতা। সে বিবেচনায় অসভ্যতার বয়স সভ্যতার চেয়ে অনেক বেশি। কিন্তু তাই বলে মানুষ কী অসভ্যতাকে সাপোর্ট করে নাকি সভ্যতাকে সাপোর্ট করে? আমি স্যারের যুক্তি শুনে চিৎকার দিয়ে বলেছিলাম, স্যার আপনি বলেন কী? আগেতো এভাবে চিন্তা করিনি।
আওয়ামীলীগের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে চিন্তাগত যে মহামিলন রয়েছে, সেই মিলনে সততা, ন্যায়-নীতি, আদর্শ, মূল্যবোধ, বিনয়, সহনশীলতা, অনুশোচনা কিংবা ভুলভ্রান্তি স্বীকার করার কোন শিষ্টাচার নেই। তাদের ধারনা, আওয়ামীলীগ কখনো ভুল করতে পারে না। আর ভুলের স্বীকারও তাদের ডায়েরীতে নাই। তাদের কণ্ঠের ভরাট আওয়াজ দিয়ে হুমকি-ধামকি দিয়ে মানুষকে ঘায়েল করাই তাদের রাজনৈতিক ম্যানুফেষ্টুতে লিপিবদ্ধ আছে। আওয়ামীলীগের কোন নেতা আজ পর্যন্ত রাজনৈতিক কিংবা সামাজিক কার্যক্রমে কাউকে রিকোয়েষ্ট করেছে, বিনয়ের সাথে কথা বলেছে এমন একটি নজিরও আমার জীবনে আমি প্রত্যক্ষ করিনি। এটা তাদের রাজনৈতিক সহজাত আচরণ বা বৈশিষ্ট্য হিসেবে সনাক্ত করা যেতে পারে।
গণতান্ত্রিক রীতি-নীতি কিংবা গণতান্ত্রিক কালচারে যেসব গুণাবলি থাকে তার যতসামান্য আওয়ামী রাজনীতিতে খুঁজে পাওয়া যায় বলে মনে করার কোন কারণ নেই। নির্বাচনের আগে শেখ হাসিনার মাথায় কালো পট্টি বাঁধা কিংবা হিজাব পরা এবং নামাজের ওয়াক্ত হওয়ার আগেই সমাবেশ স্থল থেকে আযান দিয়ে মাইকে ঘোষণা দেওয়া নেত্রী এখন নামাজ পড়বেন, এসব হচ্ছে আওয়ামীলীগের স্বভাবগত প্রতারণা। পোষ্টারের মাধ্যমে তাসবী জপার ছবি ছাপিয়ে সারা দেশে ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা তাদের কৌশলগত রাজনীতিরই অংশ। তবে হাসিনা তার বাবার মতোই পারিবারিক সদস্যদের যে অংশ আওয়ামী নেতৃত্বের সাথে জড়িত তাদের সাথে ছাড়া অন্যান্য নেতৃবৃন্দের সাথে রাজনীতির অতিশয় গোপন বিষয়ে কখনো পরামর্শ করেছে এমন নজির নেই। এটা হাসিনার পারিবারিক রাজনীতির একটা কৌশলগত শিক্ষাই বটে। শেখ সেলিম, শেখ হেলাল, তাপস, পরশ, তানভীর সহ অনেকে আছেন তাদেরকে শেখ হাসিনা আওয়ামী নেতৃত্বের যে জায়গাটায় ধারন করে সে জায়গাটায় অন্যান্য নেতৃবৃন্দকে কি কখনো সেভাবে কি ধারন করেছে? এই যে, নেতৃত্বের মধ্যেই পারিবারিক-অপারিবারিক গ্যাপ, এই গ্যাপটা কিন্তু আওয়ামীলীগের সাধারণ নেতৃবৃন্দ কিংবা সমর্থকরা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে টের পায়নি। শেখ হাসিনা পালিয়ে যাবার আগেই তার আত্মীয় স্বজন সবাই নিরাপদ স্থানে পালিয়ে গিয়েছিল, এটা কিসের ইঙ্গিত বহন করে?
শেখ হাসিনার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট হলো, সে চরম দুর্দিনেও তার কৌশলগত অবস্থান থেকে সরে দাঁড়ায়নি। অর্থাৎ তার ভুল সিদ্ধান্ত অন্যায় কিংবা জুলুম-অত্যাচার এই সব অমানবিক বৈশিষ্ট্য তাকে বিন্দু পরিমাণও বিচলিত করে না। তার সমর্থকরা অবশ্য এই জন্য তাকে লৌহ মানবী বলে। আসলে এটা একধরনের রোবট আচরণ, অমানবিক আচরণ, নির্মমতা, পাষণ্ডতা।
শেখ হাসিনার ব্যক্তিগত রোগ-শোক, রাজনৈতিক বিপর্যয় এসব কিছুকে সামাল দিয়েও পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটা আবহ তৈরি করতে স্বভাবগত কৌশল বা প্রতারণার জন্য যা কিছু করার সব প্রস্তুতি তার আছে। শেখ হাসিনার বয়স এবং প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী হিসেবে দীর্ঘ দিনের যে রাজনৈতিক ও দেশ চালনার অভিজ্ঞতা, তাতে এমন মনে করার কোন কারণ নেই যে, জীবন বাঁচানোর জন্য দেশ থেকে পালিয়ে যাবার পর পুনরায় দেশে ফিরে এসে তিনি নিরাপদে থাকবেন, আবার রাজনীতি করবেন- এমন সস্তা চিন্তা তার মাথায় আছে। তাছাড়া ১৭ বছর পর ভোটে নির্বাচিত তারেক রহমানের এই সরকার এবং বর্তমান যে বিরোধী দল তারা নিষিদ্ধ আওয়ামীলীগকে ভয় পেয়ে শেখ হাসিনাকে আইনের আশ্রয়ে না নিয়ে বরং তার প্রতি অনুকম্পা প্রদর্শন করবেন এমন চিন্তাও হাসিনার করার কথা নয়। শেখ হাসিনা ভালো করেই জানে, আওয়ামীলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার হিম্মত যে সরকারের আছে সে সরকারের কাছে তার চাওয়া-পাওয়া কী থাকতে পারে? তবে নেতা-কর্মীদের কিছু না বলে, পরামর্শ-উপদেশ না দিয়ে জীবন বাঁচানোর জন্য শেখ হাসিনা পালিয়ে নেতা-কর্মীদের কাছে যেভাবে ঘৃণিত হয়েছেন, তাদের আস্থায় আঘাত করেছেন, তার জবাবে শেখ হাসিনার এখনকার দেশে আসার কথিত ঘোষণা হচ্ছে পালিয়ে যাবার যে, ব্যর্থতা, যে কলঙ্ক, তা থেকে নিজেকে অবমুক্ত করা। দেশ থেকে পালিয়ে গিয়ে ফের দেশে ফিওে আবার নেতৃত্ব প্রদান কিংবা রাজনীতিতে পুরনো আদলে চলে আসার কোন নজির পৃথিবীর কোন পলাতক স্বৈরাচারের নেই। এরকম বাস্তবতা শেখ হাসিনা নিজেও বুঝে। এরপরেও দেশে ফিরে আসার এই কথিত ঘোষণা কেন? এর অন্যতম কারণ হচ্ছে, তার উস্কানিমূলক বক্তব্যে তার সাধারণ নেতা-কর্মী ও সমর্থকরাও যদি গোপালগঞ্জের মতো সারা দেশে হইচই লাগিয়ে দেয়, জীবন দেওয়ার জন্য রাস্তায় শুয়ে পড়ে, দেশে অনাকাঙ্খিত পরিস্থিতির পয়দা হয়ে যায়, অনেক নেতা-কর্মী, সমর্থক হতাহত হয়, সারা বিশ্বের মিডিয়ায় বাংলাদেশ সরকারের ভাবমূর্তি বিনষ্ট হয়, তাহলে শেখ হাসিনাকে আর ঠেকায় কে?
বাংলাদেশের রাজনীতিতে তখন শেখ হাসিনা অতীব জরুরী উপকরণ। এই সনাতন খায়েশ ফ্যাসিস্ট হাসিনাকে এখনও তাড়িত করছে জমের মতো। পাঠকের জানার কথা সংসদে একজন নারী সংসদ সদস্য এবং সাবেক আওয়ামী সংসদ সদস্য টকশো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার এই অপরাজনীতির পক্ষে একেবারেই কোমর বেঁধে লেগেছে। তাদের একজন বলছেন, সারা দেশে আওয়ামীলীগের নেতা-কর্মীরা মাঠে নামলে সরকার সামাল দিতে পারবে না। আওয়ামীলীগের সমর্থন বেড়ে এখন নাকি ২০ শতাংশ থেকে ৪০ শতাংশে উত্তীর্ণ হয়েছে। অথচ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় ঐ নারী সংসদ সদস্য মুখ ভেংছিয়ে বলেছেন, পালিয়ে শ্বশুর বাড়ী যাচ্ছেন? আর জীবিত ফিরে আসতে পারবেন না। নিশ্চয়ই শেখ হাসিনা নিজে, দেশের বাহিরে থেকে এবং দেশের ভিতর থেকে যারা সন্ত্রাসের ইন্দন যোগাচ্ছে তারাই কেবল এইসব উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। দেশ ও জনগণের স্বার্থে ফ্যাসিস্ট হাসিনার মত ফ্যাসিস্ট হাসিনা দোসরদের আইনের আওতায় আনা উচিৎ।
লেখক: গীতিকার, কলামিস্ট ও কবি