ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে। একই সঙ্গে সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে দলটি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে এসব প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
অধিবেশনে দেশের রাজনৈতিক সংকট, অর্থনৈতিক স্থবিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বাস্থ্যসেবা খাতের বিপর্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং আন্তর্জাতিক সংঘাতের বিষয় পর্যালোচনা করে ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয়।
প্রস্তাবে বলা হয়, সংবিধান সংস্কারে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোটের রায় উপেক্ষা করে বিরোধী দলের মতামত পাশ কাটিয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠন জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও অংশীজনের মধ্যে জাতীয় ঐকমত্য বজায় রাখারও আহ্বান জানানো হয়।
স্বাস্থ্য খাতের বিপর্যয় তুলে ধরে জামায়াতের শূরা অধিবেশনে হামের বিস্তার রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রান্তিক পর্যায়ে টিকাদান এবং হাসপাতালগুলোতে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য রোগ মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ও মাফিয়া চক্র ভাঙতে নিয়মিত বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি বাড়ানোর প্রস্তাব করা হয়। আসন্ন রমজানে অসাধু ব্যবসায়ীদের পণ্যমূল্য বাড়ানো ঠেকানোর পাশাপাশি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ রোধেরও আহ্বান জানানো হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অপরাধীদের দলীয় পরিচয় বিবেচনা না করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা, জুলাই গণহত্যা এবং শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও অবৈধ পুশইন বন্ধে ভারতের বিরুদ্ধে দৃঢ় কূটনৈতিক অবস্থান এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।
এ ছাড়া প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রাখা এবং নিয়োগ-পদোন্নতিতে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার প্রস্তাব করা হয়।
আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে গৃহীত প্রস্তাবে ফিলিস্তিনে ইসরাইলি হামলা বন্ধ, ইরান ও ইয়েমেনে যুদ্ধের অবসান এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর ভূমিকা প্রত্যাশা করা হয়।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা মনে করে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি, সুশাসন ও আইনের শাসন সুদৃঢ় হবে।