সিলেট: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক সৌদি প্রবাসীর ঘর আলো করে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম হয়েছে। বিরল ও আনন্দঘন এই ঘটনায় নবজাতকদের পরিবার, আত্মীয়স্বজন এবং পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যা সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ।
এদিকে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী সাইদুল ইসলাম রিজনের স্ত্রী একসঙ্গে এই চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে প্রসূতি মা ও চার নবজাতক চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল ও পারিবারিক সূত্র নিশ্চিত করেছে, মা ও চার নবজাতক সবাই সুস্থ রয়েছেন।
দীর্ঘ প্রতীক্ষার পর একসঙ্গে চার সন্তানের মুখ দেখার খবরে আবেগাপ্লুত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। প্রবাসে অবস্থানরত বাবা সাইদুল ইসলাম রিজনের জীবনেও এটি এক পরম আনন্দের ও স্মরণীয় মুহূর্ত হয়ে এসেছে।
পরিবারের সদস্যরা জানান, একসঙ্গে চার নতুন অতিথিকে পেয়ে তারা আনন্দিত। সাইদুল ইসলাম রিজনের ফুফাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য শেখ মো. দিলোয়ারুস সাদাত বলেন, মা ও নবজাতকেরা ভালো আছেন। এমন খবরে পরিবারের সবাই আনন্দিত।
এদিকে, একসঙ্গে চার কন্যাসন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে হিংগাজিয়া গ্রামসহ আশপাশের এলাকায় ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়। প্রতিবেশী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা পরিবারটির খোঁজখবর নিচ্ছেন এবং নবজাতকদের শুভেচ্ছা জানাচ্ছেন।