Saturday 28 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সন্তানহারা মাকে প্যারোল না দেওয়া অমানবিক: খোমেনী ইহসান

সারাবাংলা ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬ ১৯:৪৬

ফাইল ছবি

ঢাকা: কারাবন্দি যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী সন্তান নিস্বর্গ হোসেন তূর্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।

সন্তানের মৃত্যুর পরও মাকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনাকে চরম অমানবিক আখ্যা দিয়ে তিনি শর্মীকে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

শনিবার এক বিবৃতিতে খোমেনী ইহসান বলেন, ‘সন্তান হারানোর শোকের মুহূর্তেও একজন মাকে সন্তানের শেষ বিদায় জানানোর সুযোগ না দেওয়া মানবিকতা ও ন্যায়বিচারের পরিপন্থি। প্যারোলে মুক্তি না দিয়ে কারাফটকে মরদেহ এনে মুখ দেখানোর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। একজন বন্দিরও ন্যূনতম মানবিক অধিকার রয়েছে। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষের ভূমিকা গ্রহণযোগ্য নয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের ককটেল হামলা, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে দেশের নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে। কিন্তু কোনো রাজনৈতিক দলের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় একজন সন্তানহারা মায়ের ওপর চাপানো যায় না। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, তবে নিরাপত্তার অজুহাতে বন্দিদের মানবিক অধিকার খর্ব করা যাবে না।’

খোমেনী ইহসান বলেন, ‘সরকার বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত করে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের পুনর্গঠিত হওয়ার সুযোগ করে দিচ্ছে। একদিকে অপরাধীদের বিচারে দীর্ঘসূত্রতা, অন্যদিকে শারমিন সুলতানা শর্মীর মতো কারাবন্দিদের মানবিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকারের এই ব্যর্থতা জনমনে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি করছে। বিচারহীনতা ও রাজনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকলে নাশকতা এবং ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থানের ঝুঁকি আরও বাড়বে।’

তিনি আরও বলেন, ‘হত্যা, গুম, নির্যাতন ও অন্যান্য গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান রোধে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে সমষ্টিগতভাবে শাস্তি দেওয়া যাবে না। প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে পৃথকভাবে বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি জাতীয় পুনর্মিলনের পথও উন্মুক্ত রাখতে হবে।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক বলেন, ‘শারমিন সুলতানা শর্মীকে অবিলম্বে জামিনে মুক্তি দিতে হবে। সন্তানহারা মা, গুরুতর অসুস্থ সন্তান বা নির্ভরশীল স্বজনের অভিভাবক এবং গুরুতর অপরাধে সরাসরি জড়িত নন—এমন নারী বন্দিদের মানবিক বিবেচনায় জামিনের বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিবেচনা করতে হবে। একই সঙ্গে শর্মীকে প্যারোলে মুক্তি না দেওয়ার কারণ জনসমক্ষে ব্যাখ্যা, সংশ্লিষ্টদের জবাবদিহি এবং প্যারোল প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়নির্বিশেষে সবার জন্য অভিন্ন ও স্বচ্ছ নীতিমালা নিশ্চিত করতে হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর