Saturday 28 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শীতে বাইকের জ্বালানি ট্যাংকের যত্ন নেবেন যেভাবে

সারাবাংলা ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬ ১৮:৪২

শীতের আমেজ শুরু হতেই মোটরসাইকেলের যত্ন ও রক্ষণাবেক্ষণে বাড়তি নজর দেওয়া জরুরি হয়ে পড়ে। এই আবহাওয়ায় অনেকের মনেই প্রশ্ন আসে, জ্বালানি ট্যাংক কি পুরো ভরে রাখা উচিত, নাকি সামান্য খালি রাখা ভালো? বিশেষজ্ঞদের মতে, ট্যাংকে যথেষ্ট পেট্রোল বা অকটেন থাকা ভালো, তবে তা একেবারে কানায় কানায় ভর্তি করে নয়।

শীতকালে দিনের তুলনায় রাতের তাপমাত্রা অনেকটা কমে যায়। তাপমাত্রার এই ওঠানামায় ট্যাংকের ভেতরে থাকা বাতাস থেকে আর্দ্রতা জমতে পারে। সেই আর্দ্রতা পানির ছোট ছোট বিন্দুতে পরিণত হয়ে পেট্রোলের সঙ্গে মিশে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে ধাতব জ্বালানি ট্যাংকের ভেতরে এই পানি জমলে মরিচা পড়তে পারে। পাশাপাশি জ্বালানির সঙ্গে পানি ইঞ্জিনে পৌঁছালে বাইকের পারফরম্যান্সেও সমস্যা দেখা দেয়। তাই ট্যাংক দীর্ঘদিন অর্ধেক বা তার কম ভর্তি রাখা ঠিক নয়।

বিজ্ঞাপন

ট্যাংক ভর্তি রাখার পরামর্শের অর্থ এই নয় যে ঢাকনার একেবারে মুখ পর্যন্ত তেল ভরতে হবে। ট্যাংকে কিছুটা ফাঁকা জায়গা থাকা জরুরি। কারণ, তাপমাত্রা বাড়লে জ্বালানির আয়তন বাড়তে পারে এবং বাষ্প তৈরি হয়। একেবারে মুখ পর্যন্ত পেট্রোল ভরলে তা বাইরে ছলকে পড়তে পারে এবং ট্যাংকের বায়ু চলাচল ব্যবস্থাতেও সমস্যা হতে পারে। তাই পাম্পে স্বয়ংক্রিয়ভাবে তেল পড়া বন্ধ হওয়ার পর জোর করে অতিরিক্ত তেল ভরাবেন না।

নিয়মিত বাইক চালকদের জন্য ট্যাংকের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত জ্বালানি রাখার পরামর্শ দেওয়া হয়। এতে ট্যাংকের ভেতরে বাতাস কম থাকে এবং আর্দ্রতা জমার ঝুঁকিও কমে। আধুনিক ফুয়েল ইনজেকশন (এফআই) বাইকের ফুয়েল পাম্প সচল রাখতেও পর্যাপ্ত জ্বালানি থাকা প্রয়োজন। তবে প্রতিটি বাইকের ক্ষেত্রে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নির্দেশিকা মেনে চলাই সবচেয়ে ভালো।

শীতের কয়েক সপ্তাহ বা মাসজুড়ে বাইক না চালানোর পরিকল্পনা থাকলে ট্যাংক শূন্য রেখে বাইক ফেলে রাখা উচিত নয়। বরং ট্যাংকে তাজা জ্বালানি রেখে শুকনা ও নিরাপদ স্থানে ঢেকে রাখা ভালো; প্রয়োজনে ম্যানুয়াল বা সার্ভিস সেন্টারের পরামর্শ অনুযায়ী ফুয়েল স্ট্যাবিলাইজার ব্যবহার করা যেতে পারে। সেই সঙ্গে বাইকের ব্যাটারির চার্জ ঠিক আছে কি না, সেদিকেও খেয়াল রাখা বুদ্ধিমানের কাজ।

বিজ্ঞাপন

সংসার ও কাজের সংকটে করণীয় আমল
২৮ নভেম্বর ২০২৬ ১৮:২৯

আরো

সম্পর্কিত খবর