ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হবে। ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। সংলাপের প্রথম দিনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিসহ ১৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
যেসব দলের সঙ্গে সংলাপে বসবে ইসি
প্রথম দিন (২৯ নভেম্বর): লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং গণফোরাম।
দ্বিতীয় দিন (৩০ নভেম্বর): গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কংগ্রেস এবং তৃণমূল বিএনপি।
তৃতীয় দিন (১ ডিসেম্বর): ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
এদিকে প্রথম দিনের সংলাপে বিএনপি-জামায়াতসহ ১৯ দলকে আমন্ত্রণ জানানো হলেও ১৫টি দল অনুষ্ঠানিকভাবে সংলাপে বসতে সম্মতি জানিয়েছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার । তিনি জানান, বিএনপি রোববার নয়, সোমবার অংশ নেয়ার কথা জানিয়েছে। আর জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে রোববারের মতবিনিময়ে অংশ না নেওয়ার কথা বলেছে। তিনি আরও জানান, রোববারের আয়োজনে যারা অংশ নিতে না পারবে তাদের জন্য পরবর্তী সময়ে সুযোগ থাকছে।
সংলাপের মূল লক্ষ্য
পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে ইসির, যার প্রথম ধাপ অনুষ্ঠিত হবে আগামী বছরের ২১ জানুয়ারি। তফসিল ঘোষণার আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে মাঠপর্যায়ে আস্থার পরিবেশ তৈরি করতে চায় কমিশন।
সংলাপের উদ্দেশ্য সম্পর্কে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সারাবাংলাকে বলেন, ‘আগামী ইউপি নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর হয়, সেজন্য আমরা রাজনৈতিক দলগুলোর কাছে সমর্থন ও সহযোগিতা চাইব। পাশাপাশি এ সংলাপে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন ও সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা হবে।’
এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ মো. আব্দুল আলিম সারাবাংলাকে বলেন, ‘সাধারণত স্থানীয় সরকার নির্বাচনের আগে ইসিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসতে দেখা যায় না।’ ফলে কমিশনের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান তিনি।
সারাবাংলাকে তিনি বলেন, ‘সাধারণত স্থানীয় সরকার নির্বাচনের আগে ইসি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে না। এবার কমিশনের এই আনুষ্ঠানিক সংলাপের উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। এ সিদ্ধান্তকে স্বাগত জানাই।’ তবে স্থানীয় নির্বাচনে সহিংসতা রোধ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই বিশ্লেষক।
তিনি জানান, দেশের স্থানীয় সরকার নির্বাচনে বরাবরই সহিংসতার প্রবণতা বেশি থাকে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হয়েছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে হলে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে শক্তিশালী নজরদারি (মনিটরিং) নিশ্চিত করতে হবে।
মো. আব্দুল আলিম আরও বলেন, ‘আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করাই কমিশনের মূল কাজ। কিন্তু প্রার্থীরা যদি আইন না মানেন, তবে শুধু কমিশনের একার পক্ষে সহিংসতা ঠেকানো সম্ভব নয়। তাই এই সংলাপে রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতা চাওয়ার বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।’
জোটগত বনাম একক অংশগ্রহণ নিয়ে আলোচনা
এদিকে সংলাপ শুরুর আগেই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের ধরন নিয়ে কিছুটা ভিন্নমত দেখা গেছে। ১১-দলীয় ঐক্যের কয়েকটি শরিক দল আলাদাভাবে না বসে জোটগতভাবে সংলাপে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে সংলাপে যাওয়ার অবস্থানের কথা জানিয়েছে।
এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সারাবাংলাকে জানান, যে সব দল বলছে, তারা জোটগত বা এককভাবে ইসির সঙ্গে সংলাপে বসতে চান, তারা এ বিষয়ে কমিশনকে কোনো চিঠি দেয়নি। এমনকি যদি কোনো লিখিত চিঠি ইসিতে আসেও সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।
ইসির এই সংলাপ ঘিরে সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী ও কর্মী-সমর্থকদের মধ্যে সংঘাত এড়াতে আচরণবিধি মেনে চলার বিষয়ে দলগুলোর অঙ্গীকার আদায়ের একটি বড় ক্ষেত্র তৈরি হতে পারে এই সংলাপ, যা আগামী ইউপি নির্বাচনে বহুমুখী ইতিবাচক প্রভাব ফেলবে।