Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৬ ১৩:৪১

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সারাবাংলা

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে।

তিনি জানান, চলতি সপ্তাহেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক করা হবে। বৈঠকে প্রয়োজনীয় অবকাঠামো, করণীয় ও অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে। এ অর্থবছরের মধ্যেই প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশানাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস এন্ড হসপিটালে ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ডে ২০২৬’ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে প্রায় ৮২ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে। চলতি বছর এ সংকট আরও বাড়তে পারে। এ ঘাটতি মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। দ্রুততম সময়ের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।’

ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি ও ব্যয়বহুল ওষুধের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘দেশে ১৭টি লিনিয়ার অ্যাক্সেলারেটর মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ক্যানসার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।’ পাশাপাশি আধুনিক ল্যাবরেটরি স্থাপন, নতুন হাসপাতাল ভবন নির্মাণের কাজ ত্বরান্বিত করা এবং অত্যন্ত ব্যয়বহুল ওষুধ ও ইনজেকশন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়া হায়দার বলেন, ‘দেশের জেলা হাসপাতালগুলোতে নিউরোসায়েন্স-সংশ্লিষ্ট চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিতে হবে।’ একই সঙ্গে মুভমেন্ট ডিসঅর্ডারসহ বিভিন্ন স্নায়ুরোগের চিকিৎসা জেলা পর্যায়েই চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, ‘বোটুলিনাম টক্সিন (বোটক্স) ও মরফিনের মতো প্রয়োজনীয় ওষুধ দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।’ পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কার ও পুনর্নির্মাণ কার্যক্রম (রেনোভেশন) গতিশীল করতে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের (এইচইডি) সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন তিনি।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. মাহবুবুল আলম, ডা. ইমরান সরকার, ডা. মো. মাজহারুল ইসলাম, ডা. মো. নুরুদ্দীন প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর