ঢাকা: তুরস্কের ঐতিহাসিক বুরসা শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ‘মাহফিল সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় আলোচনা, কোরআন তিলাওয়াত, ইসলামী সংগীত ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আনন্দঘন ও আধ্যাত্মিক পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বুরসা বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলোচক মুফতি আলী হাসান ওসামা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারাবুক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, বুরসা উলুদা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আব্দুল গফুর এবং সাকারিয়া থেকে আগত আব্দুস সালাম ও নেজাম উদ্দিন। এ ছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। বুরসা শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ সপরিবারে মাহফিলে যোগ দেন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি আলী হাসান ওসামা প্রবাস জীবনে ব্যক্তিগত তাকওয়া অর্জন এবং দৈনন্দিন জীবনে ইসলামের সঠিক পথ ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘প্রবাসে অবস্থান করেও নিজস্ব ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখা জরুরি।’
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন ধর্মীয় ও সমসাময়িক প্রশ্নের উত্তর নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে সুমধুর তিলাওয়াত, ইসলামী সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।
সবশেষে আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে ঐতিহ্যবাহী দেশীয় খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
প্রবাসে এ ধরনের আয়োজন বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।