চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের খাবার তৈরির রান্নাঘরে অভিযান চালিয়ে চরম অব্যবস্থাপনা ও নানা অনিয়ম পেয়েছে নিরাপদ খাদ্য অধিদফতর। রান্নাঘরে ইঁদুর ও তেলাপোকার উপদ্রব, খোলা অবস্থায় রাখা ভাত-ডাল, পচা ডিম এবং মাকড়সার জাল ও ক্ষতিকর উপাদানযুক্ত হলুদের গুঁড়া পাওয়া গেছে।
এসব অনিয়মের দায়ে খাবার সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের এক কর্মচারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে চমেক হাসপাতালের খাদ্য বিভাগে অভিযান চালিয়ে এসব চিত্র দেখতে পান নিরাপদ খাদ্য অধিদফতরের কর্মকর্তারা।
অভিযান চলাকালে কর্মকর্তারা দেখতে পান, রোগীদের জন্য রান্না করা ভাত ও ডাল ঢেকে না রেখে উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে। খাবারের ওপর মাছি ও পোকামাকড় বসছে। রান্নাঘরের বিভিন্ন স্থানে ইঁদুর ও তেলাপোকার বিচরণও ছিল। এ ছাড়া রোগীদের পরিবেশনের জন্য রাখা সিদ্ধ ডিমের মধ্যে পচা ডিম পাওয়া যায়। রান্নায় ব্যবহৃত হলুদের গুঁড়া পরীক্ষা করেন কর্মকর্তারা। এতে পলিথিন ও মাকড়সার জাল পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষায় লেডের উপস্থিতিও শনাক্ত হয়েছে। এ ধরনের উপাদান মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিরাপদ খাদ্য অধিদফতরের কর্মকর্তা ফরহাদ ইসলাম বলেন, ‘হাসপাতালের রোগীদের খাবার তৈরিতে চরম অব্যবস্থাপনা দেখা গেছে। হলুদের গুঁড়ায় পলিথিন ও মাকড়সার জাল পাওয়া গেছে। প্রাথমিক পরীক্ষায় এতে লেড সল্টের উপস্থিতিও মিলেছে। এসব অনিয়মের ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রতিষ্ঠানের একজন প্রতিনিধিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হবে।’