ঢাকা: একটি দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়ন শুধু প্রশস্ত মহাসড়ক, আধুনিক যানবাহন কিংবা দ্রুতগতির ট্রেন দিয়ে পরিমাপ করা যায় না। যাত্রীদের যাত্রা শুরু ও শেষের স্থান, বাস টার্মিনালের পরিবেশ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও নাগরিকসেবার মানও একটি দেশের অবকাঠামোগত উন্নয়নের গুরুত্বপূর্ণ নির্দেশক। তুরস্ক ভ্রমণে দেশটির আন্তঃনগর বাস টার্মিনালগুলো ঘুরে এমনই এক পরিকল্পিত যোগাযোগ অবকাঠামোর অভিজ্ঞতা হয়েছে। স্থাপত্যশৈলী, পরিচ্ছন্নতা, যাত্রীসেবা এবং পরিবহনব্যবস্থার সমন্বয়—সব মিলিয়ে এসব টার্মিনাল সত্যিই মুগ্ধ করার মতো।
ইস্তাম্বুল থেকে প্রায় ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আনতালিয়া, সেখান থেকে প্রায় সাড়ে ৫০০ কিলোমিটার দূরের রাজধানী আঙ্কারা, আঙ্কারা থেকে সাড়ে ৪৫০ কিলোমিটার দূরের বুরসা এবং বুরসা থেকে প্রায় ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবার ইস্তাম্বুলে ফিরেছি। দীর্ঘ এই সড়কযাত্রায় বিভিন্ন শহরের বেশ কয়েকটি বাস টার্মিনাল দেখার সুযোগ হয়েছে। প্রতিটি টার্মিনালে যে বিষয়টি বিশেষভাবে চোখে পড়েছে, তা হলো পরিচ্ছন্নতা, পরিকল্পিত অবকাঠামো এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার ক্ষেত্রে প্রায় একই ধরনের যত্ন ও ব্যবস্থাপনা।
পরিচ্ছন্নতা ও নান্দনিকতায় মুগ্ধ হওয়ার মতো
তুরস্কের বাস টার্মিনালে প্রবেশ করতেই প্রথম যে বিষয়টি চোখে পড়ে, তা হলো ঝকঝকে টাইলস করা মেঝে এবং পরিপাটি পরিবেশ। বিশাল আয়তনের টার্মিনাল হলেও কোথাও ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়নি। যাত্রীদের চলাচলের জায়গা, অপেক্ষাগার, খাবারের দোকান কিংবা বাসে ওঠানামার স্থান—সবখানেই পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা লক্ষ্যণীয়।
টার্মিনালগুলোর অভ্যন্তরীণ নকশা ও নির্মাণশৈলীতেও রয়েছে আধুনিকতার ছাপ। প্রশস্ত চলাচলের পথ, পর্যাপ্ত আলো-বাতাস, সুপরিকল্পিত প্রবেশ ও বের হওয়ার পথ এবং যাত্রীদের চলাচলের সুবিধা বিবেচনায় নিয়ে তৈরি করা অবকাঠামো পুরো পরিবেশকে করেছে দৃষ্টিনন্দন। কোথাও অপ্রয়োজনীয় ভিড় কিংবা এলোমেলো পরিবেশ চোখে পড়েনি।

বুরসা বাসটার্মিনালের ভেতরের চিত্র দেখলেই বোঝা যায় কতটা পরিচ্ছন্ন। ছবি: সারাবাংলা
বিশেষ করে দীর্ঘ দূরত্বের যাত্রায় যাত্রীদের যাতে ক্লান্তি ও ভোগান্তি কম হয়, সে বিষয়টি মাথায় রেখেই যেন পুরো ব্যবস্থাপনা সাজানো হয়েছে। একই সঙ্গে টার্মিনালের ভেতরে সারিবদ্ধভাবে বাসের কাউন্টারগুলো এমনভাবে সাজানো হয়েছে, যা দেখে সত্যিই মুদ্ধ হতে হয়। কোনো যাত্রী হয়রানি নেই। যার যার মতো কাউন্টারে গিয়ে টিকিট নিয়ে বাসে উঠে চলে যাচ্ছে। কেউ কেউ অনলাইনে টিকিট কেটে সরাসরি বাসে উঠে যাচ্ছে, তার কাউন্টারে যাওয়ার প্রয়োজন হচ্ছে না।
পরিচ্ছন্ন টয়লেট, পানি ও টিস্যুর ব্যবস্থা
আমাদের দেশের বাস টার্মিনালগুলোতে যাত্রীদের অন্যতম বড় ভোগান্তির জায়গা হলো টয়লেট। অপরিচ্ছন্ন পরিবেশ, দুর্গন্ধ, পানির সংকট কিংবা প্রয়োজনীয় উপকরণের অভাব প্রায়ই যাত্রীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। তুরস্কের বাস টার্মিনালগুলোতে এ ক্ষেত্রে ভিন্ন চিত্র।
প্রতিটি টার্মিনালে পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থা রয়েছে। কোথাও চোখে পড়েনি ময়লা-আবর্জনা কিংবা অসহনীয় দুর্গন্ধ। টয়লেটে পানি ও টিস্যুর ব্যবস্থা রয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়টিও স্পষ্ট।
এসব টয়লেট ব্যবহারের জন্য জনপ্রতি প্রায় ১৫ থেকে ২০ তুর্কি লিরা (বাংলাদেশি ৪০ থেকে ৫০টাকা) দিতে হয়। অর্থাৎ এখানে পরিচ্ছন্নতা ও ব্যবহারযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নির্দিষ্ট সেবা মূল্য নেওয়া হচ্ছে। বিনিময়ে যাত্রীরা পাচ্ছেন পরিষ্কার-পরিচ্ছন্ন ও প্রয়োজনীয় সুবিধাসম্পন্ন টয়লেট। অর্থের বিনিময়ে হলেও এমন সেবা পেয়ে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে তা ব্যবহার করছেন। বিষয়টি থেকে বোঝা যায়, শুধু অবকাঠামো নির্মাণ নয়, সেটির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্যও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তুরস্কের একটি বাসটার্মিনালে টয়লেটের দরজার সামনেটা দেখলেই বোঝা যায় ভেতরটা কত পরিষ্কার। ছবি: সারাবাংলা
রয়েছে যাত্রীদের অপেক্ষা করা ও বিশ্রামের পর্যাপ্ত ব্যবস্থা
দীর্ঘপথের যাত্রায় বাস ছাড়ার আগে কিংবা নির্ধারিত সময়ের আগেই টার্মিনালে পৌঁছাতে হয়। এ সময় যাত্রীদের বসার ও অপেক্ষা করার পর্যাপ্ত জায়গা থাকা অত্যন্ত জরুরি। তুরস্কের বাস টার্মিনালগুলোতে এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
যাত্রীদের জন্য রয়েছে পর্যাপ্ত বসার চেয়ার, প্রশস্ত ওয়েটিং স্পেস এবং শীতাতপনিয়ন্ত্রিত অপেক্ষাকক্ষ। দীর্ঘ যাত্রায় ক্লান্ত যাত্রীরা এসব জায়গায় বসে বিশ্রাম নিতে পারেন। নারী, শিশু, বয়স্ক ও পরিবার নিয়ে ভ্রমণকারীদের জন্যও অপেক্ষার পরিবেশ তুলনামূলক স্বস্তিদায়ক।
টার্মিনালের ভেতরে বাসের গন্তব্য, ছাড়ার সময় এবং প্ল্যাটফর্মসংক্রান্ত তথ্য জানার ব্যবস্থাও রয়েছে। ফলে কোন বাস কোথায় দাঁড়াবে কিংবা কোথা থেকে যাত্রা শুরু হবে, তা নিয়ে যাত্রীদের অযথা ছোটাছুটি করতে হয় না। বিলবোর্ডে প্রতিটি বাস দাড়ানোর নির্দিষ্ট প্লাটফর্ম নম্বর দেওয়া হয়। কোন বাস কত নম্বর প্লাটফর্ম থেকে ছাড়বে তাও টিকিটে উল্লেখ করে দেওয়া হয়।

যাত্রীদের অপেক্ষার জায়গা। ছবি: সারাবাংলা
বাস পার্কিং ও যাত্রী ওঠানামায় শৃঙ্খলা
একটি বড় বাস টার্মিনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো বাস পার্কিং ও যাত্রী ওঠানামার ব্যবস্থাপনা। তুরস্কের টার্মিনালগুলোতে বাস দাঁড়ানোর জন্য নির্দিষ্ট স্থান ও প্ল্যাটফর্ম রয়েছে। প্রতিটি বাস নির্ধারিত জায়গায় এসে দাঁড়ায় এবং যাত্রীরা সেখান থেকেই ওঠানামা করেন।
বাসের প্রবেশ ও বের হওয়ার পথও পরিকল্পিতভাবে সাজানো। ফলে একই জায়গায় বাস, ব্যক্তিগত গাড়ি ও যাত্রীদের চলাচল নিয়ে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা কমে। যাত্রীদের ব্যাগেজ নিয়ে বাসে ওঠানামার জন্যও পর্যাপ্ত জায়গা রয়েছে। এই ব্যবস্থাপনার ফলে বাস টার্মিনালের ভেতরে অপ্রয়োজনীয় যানজট তৈরি হয় না। বাসের চলাচল, পার্কিং এবং যাত্রীদের গতিবিধি—সবকিছুই একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে পরিচালিত হয়।
টার্মিনালের ভেতরেই রেস্তোরাঁ, ক্যাফে ও মার্কেট
তুরস্কের বাস টার্মিনালগুলোকে শুধু পরিবহনকেন্দ্র বললে এর পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে না। কারণ এসব টার্মিনালের ভেতরেই রয়েছে পরিপাটি রেস্তোরাঁ, ক্যাফে এবং মার্কেটের মতো সারিবদ্ধ দোকানপাট।
যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করার সময় পছন্দমতো খাবার খেতে পারেন। কেউ চা-কফি পান করছেন, কেউ রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছেন, আবার কেউ প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। দোকানগুলোও এলোমেলোভাবে স্থাপন করা হয়নি; বরং নির্দিষ্ট জায়গায় পরিপাটিভাবে সাজানো হয়েছে। অত্যন্ত পরিচ্ছন্ন এসব রেস্তোরা বা দোকান দেখলে বোঝার উপায় নেই, এটি কোনো শপিং মলের ফুডকোর্ট নাকি বাস টার্মিনালের রেস্তোরা বা দোকান।
দীর্ঘপথের যাত্রীদের জন্য এটি বেশ কার্যকর ব্যবস্থা। বিশেষ করে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হলে খাবার, পানীয়, কেনাকাটা ও বিশ্রামের সুযোগ একই স্থানে পাওয়া যাত্রাকে অনেক বেশি স্বস্তিদায়ক করে তোলে। সব মিলিয়ে এসব বাস টার্মিনাল যেন একটি ছোট বাণিজ্যিক কেন্দ্র। এখানে যাতায়াতের পাশাপাশি মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানোরও ব্যবস্থা রয়েছে।

বাস পার্কিং এবং ওঠানামার স্থান। ছবি: সারাবাংলা
শহর থেকে দূরে, কিন্তু যোগাযোগে কোনো বিচ্ছিন্নতা নেই
তুরস্কের বাস টার্মিনালগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অবস্থান নির্বাচন। বড় শহরগুলোর আন্তঃনগর বাস টার্মিনাল সাধারণত শহরের কেন্দ্রস্থল থেকে কিছুটা দূরে নির্মাণ করা হয়েছে। ফলে শহরের ভেতরে দূরপাল্লার বাসের প্রবেশ ও চলাচলের চাপ কমানো সম্ভব হয়েছে।
তবে শহরের কেন্দ্র থেকে দূরে হওয়া সত্ত্বেও যাত্রীদের যোগাযোগে কোনো সমস্যা হয় না। কারণ, এসব বাস টার্মিনালের সঙ্গে নগর গণপরিবহনব্যবস্থার কার্যকর সমন্বয় রয়েছে। মেট্রোরেল, ট্রাম ও নগর বাসের মাধ্যমে সহজেই শহরের বিভিন্ন এলাকা থেকে টার্মিনালে পৌঁছানো যায়। একইভাবে দূরপাল্লার বাস থেকে নেমে যাত্রীরা এসব গণপরিবহন ব্যবহার করে শহরের কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারেন।
ইস্তাম্বুলের মতো বড় শহরে মেট্রোরেল ও অন্যান্য গণপরিবহনের সঙ্গে বাস টার্মিনালের এই সংযোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এতে ব্যক্তিগত গাড়ি কিংবা ট্যাক্সির ওপর নির্ভরতা কমে। একজন সাধারণ যাত্রীও তুলনামূলক কম খরচে শহরের এক প্রান্ত থেকে বাস টার্মিনালে পৌঁছে দেশের অন্য প্রান্তে যাত্রা করতে পারেন।
এখানেই তুরস্কের পরিবহন পরিকল্পনার একটি বড় সাফল্য চোখে পড়ে। শহরের বাইরে টার্মিনাল নির্মাণ করেও গণপরিবহনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি; বরং এক পরিবহন থেকে অন্য পরিবহনে যাতায়াতের সুযোগ তৈরি করা হয়েছে।
বাংলাদেশের বাস টার্মিনালগুলোতে যা অনুসরণ করা যেতে পারে
তুরস্কের বিভিন্ন শহরের বাস টার্মিনাল ঘুরে বাংলাদেশের কথা মনে পড়েছে। আমাদের দেশে ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোর বাস টার্মিনালে যাত্রীদের নানা ধরনের ভোগান্তি রয়েছে। কোথাও অপর্যাপ্ত অপেক্ষাগার, কোথাও অপরিচ্ছন্ন টয়লেট, কোথাও বাস পার্কিংয়ের বিশৃঙ্খলা, আবার কোথাও খাবারের দোকান ও যাত্রীসেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে।
অথচ পরিকল্পিত উদ্যোগ নিলে এসব সমস্যার সমাধান অসম্ভব নয়। আধুনিক বাস টার্মিনাল নির্মাণের পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, মানসম্মত টয়লেট, পর্যাপ্ত বসার ব্যবস্থা, শীতাতপনিয়ন্ত্রিত অপেক্ষাগার, নির্দিষ্ট বাস পার্কিং এবং মানসম্মত খাবারের দোকান নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে শহরের গণপরিবহন, মেট্রোরেল ও রেলস্টেশনের সঙ্গে আন্তঃনগর বাস টার্মিনালের সংযোগ স্থাপন করা গেলে যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমবে।
তুরস্কের অভিজ্ঞতা থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটি পাওয়া যায়, তা হলো—যোগাযোগব্যবস্থার উন্নয়ন মানে শুধু এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর ব্যবস্থা করা নয়; পুরো যাত্রাটিকে মানুষের জন্য স্বস্তিদায়ক, নিরাপদ ও সহজ করে তোলা।
দীর্ঘ সড়কপথে ইস্তাম্বুল, আন্তালিয়া, আঙ্কারা ও বুরসার বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে ব্যক্তিগতভাবে যে অভিজ্ঞতা হয়েছে, তা সত্যিই মনে রাখার মতো। পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, যাত্রীসেবা এবং পরিবহনব্যবস্থার সমন্বয়—সবকিছু মিলিয়ে তুরস্কের বাস টার্মিনালগুলো পরিকল্পিত অবকাঠামোর এক অনন্য উদাহরণ। এগুলো শুধু দূরপাল্লার যাত্রার কেন্দ্র নয়, আধুনিক নাগরিকসেবা কীভাবে বাস্তবায়ন করা যায়, তারও একটি দৃষ্টান্ত।