ঢাকা: ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিদেশে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকেরা যাতে ভোট দিতে পারেন, সে জন্য নির্বাচন কমিশনের কাছে নেওয়া পদক্ষেপের প্রতিবেদনও আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুই ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থী এবং বিদেশে বসবাসরত কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক যৌথভাবে এ রিট দায়ের করেন। রিটকারীদের আইনজীবী হিসেবে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
রিটের বিষয়ে শিশির মনির বলেন, ‘আবেদনে প্রথমত, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। দ্বিতীয়ত, আগামী নির্বাচনে প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন, সে জন্য অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগামী ৪ ফেব্রুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে বিদেশে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে।’
শিশির মনির জানান, রিট আবেদনটি আদালতে জমা দেওয়া হয়েছে। আদালতের কার্যতালিকা অনুযায়ী, চলতি সপ্তাহেই শুনানির জন্য মামলাটি উঠতে পারে বলে তারা আশা করছেন।
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে এই আইনজীবী বলেন, ‘ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। প্রবাসীরা ভোট দিতে না পারা বাংলাদেশের গণতন্ত্রায়ণের পথে বড় বাধা।’
তার দাবি, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটি ৫৭ লাখ বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। এর মধ্যে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছিলেন। তাদের উল্লেখযোগ্য অংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন।