শরীয়তপুর: জেলার জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরো দুজন।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইব্রাহিম সিপাহী। তিনি সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে এবং যুবলীগ কর্মী বলে জানা গেছে। তবে গুলিবিদ্ধ দুজনের নাম জানা যায়নি।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ গণমাধ্যমকে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।’
তিনি আরো বলেন, ‘অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে আরো কিছুটা সময় লাগে।’