Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৬ ১৫:৪৪

কারাদণ্ড পাওয়া যুবক ফিরোজ শেখ।

ফরিদপুর: ফরিদপুর সদরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (৩৪) ধর্ষণের দায়ে ফিরোজ শেখ (৩৮) নামের এক ভ্যানচালককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ আদেশ দেন।

একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। অর্থদণ্ড আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেন আদালত।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ফিরোজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। ফিরোজ শেখ ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ এপ্রিল সন্ধ্যায় সদর উপজেলার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন নারী (৩২) বাড়ির অদূরে চা ও চিনি কিনতে দোকানে যায়। সেখানে ফিরোজ শেখ বসে ছিলেন। পরে ওই নারীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অটোভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান ফিরোজ শেখ। পরে ফসলি জমির একটি নির্জন স্থানে নিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে তাকে ফেলে রেখে পালিয়ে যান তিনি।

বিজ্ঞাপন

রাত হলেও বাড়িতে না ফেরায়, ওই নারীর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই ফসলি মাঠ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ওই নারীর পিতা বাদি হয়ে ফিরোজ শেখকে আসামি করে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

২০২৫ সালের ৩০ অক্টোবর আদালতে মামলার চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্য ও শুনানি শেষে আজ রোববার এ রায় ঘোষণা করেন আদালতের বিচারক।

সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মানসিক ভারসাম্যহীন নারীকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের দায়ে ফিরোজ শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। এ রায়ে আমরা সন্তুষ্ট। এ রায়ের মধ্যে দিয়ে সমাজে এ ধরনের ঘটনার প্রবণতা কমে আসবে বলে মনে করি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর