Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড় হানাদার মুক্ত দিবস আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৬ ১৬:২৪

দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা পুস্পস্তবক অর্পণ করেন।

পঞ্চগড়: আজ ২৯ নভেম্বর পঞ্চগড় হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিকামী জনতা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে পঞ্চগড়কে পাক হানাদার মুক্ত করেছিলেন। মুক্তিকামী মুক্তিযোদ্ধাদের জন্য এই দিনটি আনন্দের। প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এসময় জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা পুস্পস্তবক অর্পণ করেন।

পরে দিবসটি উপলক্ষ্যে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে জেলা শহরের চৌরঙ্গী এলাকায় করতোয়া সেতুর উত্তর পাড়ে শহিদ বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে কেন্দ্রীয় শহিদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, সিভিল সার্জন ডা মিজানুর রহমান, জেলা ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫শে মার্চের পর পাক বাহিনী সারাদেশে আক্রমণ শুরু করলেও ১৬ই এপ্রিল পর্যন্ত পঞ্চগড় মুক্ত থাকে। পাক বাহিনী সড়ক পথে এসে ১৭ই এপ্রিল সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় দখল করে নেয়। পরবর্তীকালে জেলার চার উপজেলা তারা দখলে নিলেও, অমরখানায় চাওয়াই নদীর ওপর একটি ব্রিজ মুক্তিযোদ্ধারা ভেঙে দেওয়ার কারণে পাক সেনারা আর তেঁতুলিয়া ঢুকতে পারেনি। মুক্তিযুদ্ধের পুরো সময়ে তেঁতুলিয়া ছিল পাক হানাদার মুক্ত। মুক্ত অঞ্চল হিসেবে তেঁতুলিয়া সব কর্মকাণ্ডের তীর্থ ভূমিতে পরিণত হয়। অস্থায়ী সরকারের অনেক গুরুত্বপূর্ণ সভা তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছিল।

১লা নভেম্বর থেকে মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় মিত্র বাহিনী যৌথভাবে পাক বাহিনীর ডিফেন্সের উপর হামলা চালায়। ফলে প্রতিদিন নতুন নতুন এলাকা মুক্ত হতে থাকে। মরণকামড় হিসেবে মুক্তি ও মিত্র বাহিনী পর্যায়ক্রমে পাক বাহিনীর উপর প্রচণ্ড আক্রমণ চালিয়ে ২০শে নভেম্বর অমরখানা, ২৫শে নভেম্বর জগদলহাট, ২৬শে নভেম্বর শিংপাড়া, ২৭শে নভেম্বর পূর্ব তালমাসহ একই দিনে আটোয়ারী, মির্জাপুর, ধামোর, শক্রমুক্ত করে রাতেই তারা পঞ্চগড় সিও অফিস ও ঘাটিয়ারপাড়া এলাকায় ফ্রন্টলাইন গড়ে তোলেন। ২৮শে নভেম্বর মুক্তিযোদ্ধারা চারদিক থেকে পাক বাহিনীর ওপর ঝড়ো আক্রমণ করে। এ আক্রমণে পঞ্চগড় শহরের পূর্বদিকে ডিফেন্স নিয়ে থাকা পাক বাহিনী টিকতে না পেরে টুনিরহাট দেবীগঞ্জ ভায়া ডোমার হয়ে কাঁচা রাস্তা ধরে সৈয়দপুর অভিমুখে পিছু হটতে থাকে। ওইদিন রাতে মুক্তি, মিত্র, ট্যাংক ও পদাতিক বাহিনীর সম্মিলিত সাঁড়াশি আক্রমণে পরাজিত হয়ে পাক বাহিনী পঞ্চগড়ের মাটি ছেড়ে চলে গেলে ২৯শে নভেম্বর ভোরে পঞ্চগড় হানাদার মুক্ত হয়।

এদিন পাক বাহিনীর সঙ্গে ভয়াবহ যুদ্ধে ৪৮ জন মুক্তিযোদ্ধাসহ প্রায় শতাধিক মিত্র বাহিনীর সদস্য শহিদ হন। আহত হন অনেকে।