ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে মামলাটিতে তিন দফায় মোট ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হলো।
রোববার (২৯ নভেম্বর) দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, আগের রিমান্ডে ডিবি কার্যালয়ে সাঈদ খোকনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তিনি মামলার মূল রহস্য এড়িয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এজাহারভুক্ত পলাতক আসামিদের অধিকাংশকে চেনেন বলে জানালেও তাদের বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য দিতে কৌশলে এড়িয়ে গেছেন বলে আবেদনে দাবি করা হয়।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তার অভিযোগ, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার দাবির বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছিলেন এবং আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। এসব তথ্য যাচাই এবং মামলার তদন্তের স্বার্থে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৭ নভেম্বর সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
সাত দিনের রিমান্ড শেষে গত ২৪ নভেম্বর তাকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা আবারও সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষ হওয়ার পর রোববার তাকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হলো।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কিশোর আবদুল মোতালিব। এ ঘটনায় ওই বছরের ২৬ আগস্ট তার বাবা আবদুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এজাহারে সাঈদ খোকনের নাম ২৯ নম্বর আসামি হিসেবে রয়েছে।