ঢাকা: ফিলিস্তিনি জনগণের অধিকার, স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণ নিশ্চিত করতে জাতিসংঘ, ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৯ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
বাণীতে ডা. শফিকুর রহমান বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘদিন ধরে দখলদারিত্ব, আগ্রাসন, হত্যা, নির্যাতন ও মানবিক বিপর্যয়ের শিকার। তাদের ওপর পরিচালিত নির্মমতা ও মানবাধিকার লঙ্ঘন বিশ্ববিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে।
তিনি বলেন, ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ডের নাম নয়; এটি মুসলিম উম্মাহর ঈমান, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি পবিত্র ভূমি। পবিত্র মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা এবং ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মেরাজের স্মৃতিবিজড়িত এই মসজিদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে ইসরায়েলি দখলদারিত্ব, অবৈধ বসতি স্থাপন, অবরোধ ও সামরিক আগ্রাসনের কারণে ফিলিস্তিনি জনগণের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গাজার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। একটি জাতিকে নিজ ভূখণ্ডে নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করার কোনো নৈতিক বা আইনগত ভিত্তি নেই।
তিনি আরও বলেন, ফিলিস্তিনি সংকটের মূল কারণ দখলদারিত্ব ও ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার অস্বীকার করা। এ সংকটের স্থায়ী সমাধানে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। দখলদারিত্ব ও আগ্রাসন অব্যাহত রেখে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার ও স্বাধীনতার পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রতিবাদ জানানো হয়েছে। নির্যাতিত মানুষের পক্ষে জনমত গড়ে তুলতেও কাজ করেছে দলটি।
বাণীতে তিনি জাতিসংঘ, ওআইসি, আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রতি ফিলিস্তিনে দখলদারিত্ব, হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পবিত্র মসজিদুল আকসার মর্যাদা ও নিরাপত্তা এবং মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদতের অধিকার নিশ্চিত করার দাবি জানান।
বাণীর শেষাংশে মহান আল্লাহর কাছে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের জন্য রহমত ও সাহায্য কামনা করেন জামায়াত আমির। তিনি শহীদদের শাহাদাত কবুল, আহতদের দ্রুত সুস্থতা, বাস্তুচ্যুত মানুষের নিরাপদ আশ্রয় এবং পবিত্র মসজিদুল আকসা ও ফিলিস্তিনের ভূমিকে দখলদারিত্ব ও জুলুম থেকে মুক্ত করার জন্য দোয়া করেন।